সেনানিবাসের বাড়ি : খালেদার আবেদনের শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানি ২৪ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ সোমবার খালেদা জিয়ার সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদেশে বলা হয়, রিট আবেদনটি প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির কাছে দেওয়া আবেদনের ওপর কী আদেশ হয়েছে আবেদনকারীকে তা ২৪ মের মধ্যে জানাতে হবে। প্রধান বিচারপতি এই বেঞ্চে শুনানি চালিয়ে যাওয়ার আদেশ দিলে এই বেঞ্চেই শুনানি হবে। আর তিনি যদি রিট আবেদনটি এই বেঞ্চের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন, তাহলে আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়া হবে।এদিকে দুপুরে প্রধান বিচারপতি এ ব্যাপারে সংশ্লিষ্ট বেঞ্চে তিনি একটি চিঠি পাঠিয়েছেন। প্রধান বিচারপতির একান্ত সচিব কবীর আহমেদ চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠিতে কী বলা হয়েছে তা তিনি জানেন না। ১১ মে রিটটি শুনানির জন্য আদালত পরিবর্তন করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল মতিনের সঙ্গে দেখা করে আবেদনটি জমা দেন। এর পরিপ্রেক্ষিতে আবেদনটি বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম দেশে ফিরে কাজে যোগদান করলে—তাঁর কাছে উপস্থাপন করা হোক বলে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। এর আগে ৫ মে বেঞ্চ বদলের আবেদন খারিজ করেন একই আদালত।