সেনানিবাসের বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মালামাল সরিয়ে নেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সাত ঘণ্টা ধরে চারটি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপে করে বেশ কিছু মালামাল গুলশান, বারিধারা ও ধানমন্ডিতে সরিয়ে নেওয়া হয়। খালেদা জিয়ার পরিবারের পাঁচটি গাড়িও সরিয়ে নেওয়া হয়। বাকি মালামাল আজ সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুছ সাদাত সেলিম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার লোকজনের উপস্থিতিতে এসব মালামাল তালিকা অনুযায়ী গাড়িতে তোলা হয়। এরপর দুই পক্ষের সই নেওয়া হয়।সূত্র জানায়, গতকাল থেকে মালামাল সরিয়ে নিতে খালেদা জিয়াকে তাঁর একান্ত সচিবের মাধ্যমে অনুরোধ জানায় ক্যান্টনমেন্ট বোর্ড। খালেদা জিয়ার পক্ষে তাঁর একান্ত সচিব এ এস এম সালেহ আহমদ, ব্যক্তিগত কর্মকর্তা মাহবুব আল আমিন, খালেদা জিয়ার দুই ভাই সাইদ এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী কয়েকজন কর্মচারী নিয়ে সকাল সোয়া ১০টার দিকে সেনানিবাসের বাড়িতে যান। বোর্ডের কর্মকর্তারা সকাল সাড়ে আটটা থেকেই সেখানে অবস্থান করছিলেন। মালামাল তোলা শুরু হয় বেলা সোয়া ১১টা থেকে। বিএনপি সূত্র জানায়, ওই বাড়ি থেকে কিছু মালামাল নেওয়া হয় বারিধারায় সাইদ এস্কান্দারের বাসায়। কিছু গুলশানে শামীম এস্কান্দারের বাসায়, আর কিছু মালামাল নেওয়া হয় তারেক রহমানের শ্বশুরবাড়ি ধানমন্ডিতে। আরও কিছু মালপত্র ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাইয়ুমের বারিধারার বাসায় রাখা হয়।ক্যান্টনমেন্ট বোর্ড সূত্র জানায়, ওই বাড়ির গ্যারেজে সাতটি গাড়ি ছিল। দুটি খালেদা জিয়া সঙ্গে করে নিয়ে যান। বাকি পাঁচটি গতকাল সরিয়ে নেওয়া হয়। এসব গাড়িতে করে বাড়ির মালামালও নেওয়া হয়।মালামাল সরিয়ে নেওয়ার খবরে কাল সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা সেনানিবাসের জাহাঙ্গীর গেটে ভিড় করেন। তবে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। গত ১৩ নভেম্বর খালেদার ওই বাড়ির দখল বুঝে নেয় ক্যান্টনমেন্ট বোর্ড।