সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদার রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়তে তাঁকে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু করে মাঝখানে বিরতি দিয়ে বেলা চারটা পর্যন্ত আদালত এ ব্যাপারে রায় দেন। রায়ে খালেদা জিয়াকে ৩০ দিনের মধ্যে বাড়ি ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে বাড়ি ছাড়তে এর আগে দেওয়া নোটিশের কার্যকারিতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে খালেদা জিয়ার আইনজীবী টি এইচ খান জানিয়েছেন।এর আগে গত ৬ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ ২২ কার্যদিবস শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন।সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৩ মে তিনি হাইকোর্টে রিট করেন। এরপর একই বছরের ৭ ও ২৪ মে দুই দফায় আবার তাঁকে বাড়ি ছাড়তে নোটিশ দেওয়া হয়। রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৭ মে হাইকোর্ট নোটিশের কার্যকারিতা স্থগিত করেন ও রুল জারি করেন। চলতি বছরের ৬ জুন রুলের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ শুরু হয়। শুনানিকালে ২৩ আগস্ট হাইকোর্ট বাড়িটির ইজারাসংক্রান্ত যাবতীয় নথিপত্র তলব করেন।