ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা রিট আবেদন শুনানির জন্য আদালত পরিবর্তন করা হয়েছে। রিটটি বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার শুনানির কথা ছিল। কিন্তু গতকাল রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অপর একটি বেঞ্চে রিটটি শুনানির জন্য পাঠানো হয়। প্রথম বেঞ্চের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে জানান, বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চে সোমবার ওই রিট শুনানির জন্য কার্যতালিকায় চূড়ান্ত করা হয়। প্রধান বিচারপতির কার্যালয় থেকে রিটটি কার্যতালিকা থেকে প্রত্যাহারের জন্য বলা হলে পরে তা তালিকা থেকে বাদ দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, বিকেল সোয়া পাঁচটায় প্রধান বিচারপতির একান্ত সচিবের পক্ষ থেকে সংশ্লিষ্ট আদালতের তালিকা থেকে রিটটি বাদ দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে রিটটি বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয়েছে। রাতে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।জানা যায়, সেনানিবাসের বাড়িসংক্রান্ত রিট শুনানির জন্য আদালত পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের কাছে ১১ মে আবেদন করেন খালেদা জিয়া। এর পরিপ্রেক্ষিতে ১৭ মে বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের মতামত চান প্রধান বিচারপতি। পরদিন ওই বেঞ্চ মতামত জানান। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া রিট করলে ওই বছরের ২৭ মে আদালত ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন। দুদকের বিরুদ্ধে দুটি রিট: শহীদ জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট ও ভৈরব সেতু নির্মাণ প্রকল্প বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে দুটি রিট করেছেন। আজ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।গতকাল রিট করার কথা জানিয়ে খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, রিটে ভৈরব সেতু ও জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের বিষয়ে বক্তব্য শোনার জন্য বিএনপির চেয়ারপারসনকে দেওয়া চিঠি অবৈধ ঘোষণার দাবি জানানো হয়েছে। আজ এর ওপর শুনানি হতে পারে।