সেনানিবাসের বাড়ি: খালেদা জিয়ার রিটের শুনানি ৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। ওই দিন বিচারপতি মো. ইমান আলী ও ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হবে।এর আগে আজ সকালে খালেদা জিয়ার পক্ষে আদালত-পরিবর্তনের আবেদন জানানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ আবেদনটি করার জন্য আদালতের কাছ থেকে অনুমতি নেন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুপুর ১২টায় শুনানির জন্য সময় নির্ধারণের আরজি জানান। মওদুদ আহমদ এতে আপত্তি জানিয়ে বেলা দুইটায় শুনানির জন্য সময় নির্ধারণের কথা বলেন। পরে আদালত উভয় পক্ষের সম্মতিতে বিকেল তিনটায় শুনানির সময় নির্ধারণ করেন। শুনানি শেষে আদালত-পরিবর্তনের আবেদন নাকচ করে দেওয়া হয়। আদালত আগামী ৪ মে শুনানির দিন ধার্য করেন।খালেদা জিয়ার আরেক আইনজীবী মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কায় রিটটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর জন্য আবেদন করা হয়েছিল।এর আগে গত রোববার খালেদা জিয়ার আইনজীবীরা রিটের শুনানি দুই মাসের জন্য মুলতবি করার আবেদন করেন। আদালত সেই আবেদন নাকচ করে দিলে ওই দিন এ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা হইচই শুরু করেন।এর আগে গত ২৩ মার্চ সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রিটটি চূড়ান্ত শুনানির জন্য বিচারপতি মো. ইমান আলী ও মো. আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি।গত ১৮ মার্চ আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করায় প্রয়োজনীয় আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে বিষয়টি পাঠিয়ে দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।উল্লেখ্য, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট করলে গত বছরের ২৭ মে আদালত সেনানিবাসের বাড়ি ছাড়তে খালেদা জিয়াকে দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।