সেনানিবাসের বাড়ি: খালেদার রিটের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি
সেনানিবাসের বাড়ি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের শুনানি আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদার আইনজীবীর শুনানি মুলতবির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, শুনানি মুলতবি করার জন্য এক সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আদালত আগামী সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ বলেন, ‘সেনানিবাসের বাড়ি নিয়ে করা রিটটির আজ শুনানি ছিল। বেঞ্চ বদলের জন্য গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়। বিষয়টি প্রধান বিচারপতির বিবেচনায় আছে। এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুনানি মুলতবির আবেদন করেছি। আদালত বলেছেন, সোমবার বিষয়টি কার্যতালিকায় আসবে।’ তিনি জানান, প্রধান বিচারপতি এ বিষয়ে কী সিদ্ধান্ত দিলেন তা লিখিতভাবে আদালতকে জানাতে বলা হয়েছে।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা প্রসঙ্গে মওদুদ বলেন, লিভ টু আপিল করার সুযোগ নেই। তাই প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তিনি সাক্ষাত্ করবেন কি না জানতে চাইলে মওদুদ বলেন, ‘হয়তো দেখা করে বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হবে।’বেঞ্চ পরিবর্তনের জন্য গতকাল বেলা দেড়টায় বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খানের নেতৃত্বে আইনজীবী প্রতিনিধিদল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। এর পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবেদনটি বর্তমান প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম দেশে ফিরে কাজে যোগ দিলে—তাঁর কাছে উপস্থাপন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এর আগে বিচারপতি মো. ইমান আলীর নেতৃত্বাধীন বেঞ্চ ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে করা আবেদনটি ৫ মে খারিজ করে দেওয়া হয়। প্রসঙ্গত, গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার।