সেনানিবাসের বাড়ি: খালেদার রিটের শুনানি ৬ জুন
সেনানিবাসের বাড়ি ছাড়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিটের শুনানি হবে আগামী ৬ জুন। আজ মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।শুনানিতে অংশ নিয়ে খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমদ হাইকোর্টের গ্রীষ্মকালীন অবকাশ (১১ জুন থেকে শুরু) শেষ হওয়ার পর শুনানির দিন ধার্যের আবেদন করেন। সরকার পক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। পরে আদালত ৬ জুন শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, গত ২২ মে সন্ধ্যায় প্রধান বিচারপতি খালেদা জিয়ার করা রিটটি শুনানির জন্য ওই আদালতে পাঠান। গত ১১ মে প্রধান বিচারপতির কাছে আদালত পরিবর্তনের জন্য আবেদনটি করা হয়। গত বছরের ২৪ মে খালেদা জিয়াকে ৩০ জুনের মধ্যে সেনানিবাসের বাড়ির দখল সামরিক ভূমি কর্মকর্তার কাছে বুঝিয়ে দিতে নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন।