সেনানিবাসের বাড়িটি খালেদা জিয়ার ছেড়ে দেওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্বার্থে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। আজ রোববার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রাম-সীতা মন্দিরে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, বিদ্যুত্, গ্যাস ও পানির সমস্যা বিবেচনায় না নিয়ে বিএনপি একটি বাড়িকে কেন্দ্র করে সারা দেশে অস্থিরতা তৈরি করছে। এ থেকেই তাদের রাজনীতির উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে। তিনি বলেন, জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় একটি বাড়িই ব্যবহার করেছেন। কিন্তু খালেদা জিয়ার পরিবার এখন কোটি কোটি টাকা আয়ের রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতি খালেদা জিয়াই প্রথম শুরু করেছিলেন দাবি করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে সরকার যে বাড়ি দিয়েছিল, তা খালেদা জিয়ার সরকার কেড়ে নিয়েছিল।এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওলামা লীগ আয়োজিত পৃথক আলোচনা সভায় বলেন, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে রাজনৈতিক আপসের কোনো সুযোগ নেই। বাড়িটি তাঁর ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, এখন খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে বাড়ি, গাড়ি ও পুত্রকেন্দ্রিক।