সেনানিবাসের সম্পদ দখলে রাখার উদ্দেশ্যেই হরতাল: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনানিবাসের সম্পদ অবৈধভাবে দখলে রাখার জন্যই বিএনপি দেশব্যাপী হরতাল ডেকেছে।আজ রোববার সকালে জাপানের টোকিওর নাগাতা চো এলাকায় বাংলাদেশ দূতাবাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সরকারি সফরে টোকিও এসে পৌঁছালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘জনগণকে বাসস্থান প্রদানের লক্ষ্যে সরকার যখন গৃহ নির্মাণ করছে তখন কোনো মহল ঢাকা সেনানিবাসের সম্পদ কুক্ষিগত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, সরকার বিশ্বজুড়ে বাংলাদেশের আরও ১৬টি মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নানা পদক্ষেপের কারণে বিদেশে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে তিনি মন্তব্য করেন। প্রবাসী বাংলাদেশিদের সমস্যার দিকে নজর দিতে এবং বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধিতে আরও ইতিবাচক পদক্ষেপ নিতে দূতাবাস কর্মকর্তাদের প্রধানমন্ত্রী নির্দেশ দেন।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া বক্তব্য দেন।প্রসঙ্গত, ৭১৪ বর্গমিটারের বাংলাদেশ দূতাবাস ভবনটির নির্মাণকাজ ২০১২ সালের জুন মাসে শেষ হবে। প্রধানমন্ত্রী পাঁচ দিনের সরকারি সফরে টোকিও এসে পৌঁছালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া ও ঢাকার জাপানি রাষ্ট্রদূত তমোতসু শিনোতসুকা স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।এ সময় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাংলাদেশ ও জাপানের পতাকা এবং উভয় দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে জাপানের রাজধানী টোকিওর বিভিন্ন সড়ক সাজানো হয়েছে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সরাসরি নিউ ওতানি হোটেলে যান। জাপানে পাঁচ দিনের সফরকালে তিনি এ হোটেলে থাকবেন।শেখ হাসিনা পাঁচ দিনের এ সফরে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে বৈঠক করবেন এবং দেশটির সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাত্ করবেন। তিনি একাধিক বিনিয়োগ সম্মেলনে ভাষণ দেবেন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন ও জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) প্রতিনিধিদের সঙ্গে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ে বৈঠক করবেন। এ ছাড়া শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া রাষ্ট্রীয় ভোজসভা ও ওসাকার গভর্নরের নৈশভোজে যোগ দেবেন। তিনি হিরোশিমায় পিস পার্কের এক সমাবেশে ভাষণ দেবেন।