সেনানিবাসের সেই বাড়ি ভেঙে বহুতল ভবন তৈরির সিদ্ধান্ত
ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের সেই বাড়িটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে পদস্থ সেনা কর্মকর্তাদের আবাসন হবে বলে সেনাসূত্র জানিয়েছে। সেনাসদর ইতিমধ্যে বাড়িটি ভাঙার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।গত মাসে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সেনাসদর কর্তৃপক্ষ ওই বাড়ি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ কথা জানিয়েছে। সূত্র জানায়, সেনাসদর ইতিমধ্যে বাড়িটি ভাঙার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেয়েছে। এই জমির ওপর নির্মিত ভবনগুলো সশস্ত্র বাহিনীর সদস্যদের আবাসন সংকট মেটাতে সাহায্য করবে। জানা যায়, ১৯৮১ সালে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমান নিহত হলে একই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা হয়। এই সভায় মরহুম জিয়াউর রহমানের পরিবারের জন্য বাসস্থান, ছেলেদের পড়াশোনা এবং অন্যান্য আর্থিক সুবিধা দিতে বেশ কিছু সিদ্ধান্ত হয়। এর সূত্র ধরে ১৯৮১ সালের ১০ জুন সেনাসদর কিউএমজি শাখা, এমঅ্যান্ডকিউ পরিদপ্তর থেকে শহীদ মইনুল হোসেন সড়কের ৬ নম্বর বাড়িটি বেগম জিয়াকে হস্তান্তরের প্রস্তাব করা হয়। একই বছরের ২৪ জুন বাড়িটি সামরিক ভূসম্পত্তি সার্কেল অধিদপ্তরের অনুকূলে হস্তান্তরের জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। তবে এর আগে থেকে বেগম জিয়া ওই বাড়িতে বসবাস করছিলেন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ৮ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে বেগম খালেদা জিয়ার নামে দেওয়া সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের পর সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল বেগম জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। এরপর বাড়ি ছাড়তে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট গত ১৩ অক্টোবর রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। রায়ে বেগম জিয়াকে বাড়ি খালি করার জন্য কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গত মাসে খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়।