সেনানিবাসের সেই বাড়ি ভেঙে ভবন তৈরির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের সেই বাড়িটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে পদস্থ সেনা কর্মকর্তাদের আবাসন হবে বলে সেনাসূত্র জানিয়েছে। সেনাসদর ইতিমধ্যে বাড়িটি ভাঙার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেয়েছে বলে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।গত মাসে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সেনাসদর কর্তৃপক্ষ ওই বাড়ি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ কথা জানিয়েছে। সূত্র জানায়, সেনাসদর ইতিমধ্যে বাড়িটি ভাঙার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমোদন পেয়েছে। এই জমির ওপর নির্মিত ভবনগুলো সশস্ত্র বাহিনীর সদস্যদের আবাসন সংকট মেটাতে সাহায্য করবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত বছরের ৮ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার নামে দেওয়া সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের পর সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের সামরিক ভূসম্পত্তি প্রশাসকের কার্যালয় থেকে গত বছরের ২০ এপ্রিল বেগম জিয়াকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়। এরপর বাড়ি ছাড়তে দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট গত ১৩ অক্টোবর রিটটি খারিজ করে রায় দেন। রায়ে বাড়ি খালি করার জন্য কমপক্ষে ৩০ দিন সময় দিতে সরকার ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। গত মাসে খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়।