জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের সঙ্গে তাঁর পিতা-পুত্রের সম্পর্ক ছিল। তিনি ওই সময় সেনাপ্রধান থাকলে একটি ছেলেকেও মরতে দিতেন না। কিন্তু তাঁকে শুধু হতাশ হয়ে তা দেখতে হয়েছে।আজ রোববার পিলখানায় নিহত ব্যক্তিদের স্মরণে জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভায় এরশাদ এই মন্তব্য করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওই সভার আয়োজন করা হয়।বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের ‘ইচ্ছা করলে হয়তো বাঁচানো যেত’ বলে মন্তব্য করেছেন এরশাদ। তিনি বলেন, ‘তাঁরা কত আকুতি জানিয়েছেন, এসএমএস পাঠিয়েছেন। কিন্তু আমরা তাঁদের বাঁচাতে পারিনি। ইচ্ছা করলে হয়তো বাঁচানো যেত। কেন পারিনি, তাঁরা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, একদিন জাতি জানবে। ইন্টারনেটের যুগে কিছু লুকিয়ে রাখা যায় না।’ সরকারের উদ্দেশে এরশাদ বলেন, ‘ওই ঘটনার রহস্য উদ্ঘাটনের প্রয়োজন আছে। চেষ্টা করুন, রহস্য উদ্ঘাটন করুন। এতে দেশ, জাতি, সেনাবাহিনীর মঙ্গল হবে।’ তিনি এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর এমন শোকের দিন আর আসেনি।’সভায় অন্যদের মধ্যে পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ আলোচনায় অংশ নেন।