সেনাবাহিনী নিয়ে খালেদাকে ‘খোয়াব’ না দেখার পরামর্শ মতিয়ার
সেনাবাহিনীকে নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সেনাবাহিনীকে নিয়ে এত বেশি খোয়াব দেখবেন না। কারণ ১৯৮৬ সালেও আপনি খোয়াব দেখে বলেছিলেন, “সিপাহি-জনতা জাগো”। এরপর তিন দিন আপনাকে খুঁজে পাওয়া যায়নি। সেদিন সিপাহিও আসেনি, জনতাও আসেনি। পরে বলেছিলেন, এরশাদ ষড়যন্ত্র করার কারণে এমনটা হয়েছে।’আজ শনিবার বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ১৪ দল আয়োজিত জনসমাবেশে মতিয়া চৌধুরী সেনাবাহিনী নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন। এই মাঠেই সেনাবাহিনীকে নিয়ে খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, সেনাবাহিনী একবার এসেছিল। সর্বোচ্চ আদালতের রায়ে আপনার ক্যান্টনমেন্টের বাড়ি দখলমুক্ত করতে গিয়েছিল। সেদিন আপনি অনেক নাটক করেছিলেন। মায়াকান্না কেঁদেছিলেন। শেষ রক্ষা হয়নি। সেই বাড়ি দখলমুক্ত হয়েছে। সেই বাড়িতে এখন সেনাবাহিনীর ৫২ জন অফিসার পরিবার নিয়ে থাকতে পারে। কাজেই অত খোয়াব দেখবেন না, আপনার খোয়াব সফল হবে না।’সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মো. নাসিম বলেন, ‘খালেদা জিয়া বগুড়াকে নিজের জেলা বলে দাবি করেন। অথচ বগুড়ায় ঘুমন্ত মানুষের ওপর হামলা হলো, জাতীয় পতাকা পোড়ানো হলো, মুক্তিযোদ্ধার বাড়িঘরে অগ্নিসংযোগ করা হলো, মানুষের সম্পদ লুটপাট করা হলো, নিরীহ মানুষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলো, সংখ্যালঘুদের মন্দিরে হামলা হলো, থানা-ফাঁড়ি উপজেলা কমপ্লেক্স গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আপনি এখানে এসে নিন্দা জানালেন না। কারও প্রতি সমবেদনা জানালেন না। আপনাকে বগুড়াবাসীর ধিক্কার জানাবার ভাষা নেই। জামায়াত-শিবিরকে উসকে দিয়ে আর যদি এ ধরনের হামলা হয়, বগুড়াবাসী তা প্রতিহত করবে।’জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়নে এবং সাম্প্রদায়িক শক্তিকে রুখতে শেখ হাসিনার নেতৃত্বে একত্র হতে হবে।গত ৩ মার্চ চাঁদে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা যাওয়ার গুজবে বগুড়া জেলাজুড়ে জামায়াত-শিবিরের সহিংসতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, অগ্নিসংযোগ-ভাঙচুরসহ নজিরবিহীন তাণ্ডবের প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করে মহাজোট।বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আ.লীগের চার সাংসদ আবদুল মান্নান, হাবিবুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী ও খাদিজা খাতুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য লুত্ফর রহমান, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সালেহা সুলতানা, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম প্রমুখ।