সেনাবাহিনী মোতায়েনের দাবি বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আমানুর রহমান খান। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমানুর রহমান খান বলেন, তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী এলাকা থেকে আনারস প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই এলাকার মানুষ তাঁর ডাকে সাড়া দিয়েছেন। এ অবস্থায় তাঁর প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম ও তাঁর সমর্থকেরা তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে যড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাঁরা সরকারি প্রভাব খাটিয়ে আমানুরের সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।আমানুর রহমান অভিযোগ করেন, পুলিশ ও প্রশাসন ব্যবহার করে তাঁর সমর্থকদের গ্রেপ্তার ও তাঁদের বাড়িতে বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় ঘাটাইলের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান আমানুর। ঘাটাইলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসন ও পুলিশের পক্ষপাতমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। একইসঙ্গে তিনি তাঁর আটক সমর্থকদের মুক্তির দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজমল হোসেন, সাবেক পৌর মেয়র হাসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান ও উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক যুলফিকার হায়দার।