শ্রমিকদের বাধার কারণে চট্টগ্রাম বন্দরে ছয় কনটেইনার জেটিতে আজ শনিবারও কাজ শুরু করতে পারেনি বেসরকারি অপারেটররা। এ পরিস্থিতিতে বন্দরে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে নিয়োগ পাওয়া ছয় বার্থ অপারেটর। বন্দর থেকে শ্রমিকদের পরিচয়পত্র প্রদান ও কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিতে শ্রমিকরা বেসরকারি অপারেটরদের কনটেইনার ওঠানো-নামানোর কাজে বাধা দিচ্ছেন বলেও জানা গেছে। প্রসঙ্গত, বন্দরের ছয় কনটেইনার জেটিতে দরপত্রের মাধ্যমে কাজ পায় ছয় বার্থ অপারেটর। গত বৃহস্পতিবার এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বার্থ অপারেটরদের চুক্তি হয়। গতকাল শুক্রবার থেকে একটি জাহাজের কনটেইনার ওঠানো-নামানোর মাধ্যমে পর্যায়ক্রমে ছয় জেটিতে বেসরকারি অপারেটরদের কাজ শুরুর কথা ছিল। কিন্তু শ্রমিকদের বাধার মুখে বার্থ অপারেটররা লোকবল ও যন্ত্রপাতি নিয়ে বন্দর ত্যাগ করে। এ সময় শ্রমিকদের হামলায় বার্থ অপারেটরের কয়েকজন কর্মী আহত হন। বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই মারধরের ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বেসরকারি অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের পক্ষে এই সাধারণ ডায়েরি করা হয়। বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের বাধার কারণে আমরা আজও কাজ শুরু করতে পারিনি। এজন্য আমরা বন্দরে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি।’ বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শ্রমিক ও বার্থ অপারেটরদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। শিগগিরই শ্রমিকেরা কাজ শুরু করবেন বলে তিনি আশা করেন।