সেনাবাহিনী সময়মতো কাজ করবে: খালেদা জিয়া (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বগুড়ার শাজাহানপুরে সহিংসতার সময় সেনাবাহিনী নামায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা গুলি করেনি; জানমালের ক্ষতি করেনি। সাম্প্রতিক সময়ের নানা সহিংসতার কথা উল্লেখ করে করে তিনি আরও বলেন, সেনাবাহিনী সময়মতো তাদের কাজ করবে। তিনি আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া সদরের মাটিডালী মোড়ে এক শোক সমাবেশে এসব কথা বলেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ হওয়ার পর বগুড়া, গাইবান্ধাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় তাণ্ডব চালায় দলটির নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বগুড়ায় বেশ কয়েকজন নিহত হন। নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে খালেদা জিয়া গতকাল দুই দিনের সফরে বগুড়া ও জয়পুরহাট যান।গত ৩ মার্চ বগুড়ার শাজাহানপুর থানায় জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালিয়ে তাণ্ডব সৃষ্টি করে। ওই থানার পাশেই সেনানিবাস। এ সময় ওই এলাকার নিরাপত্তায় সেনা টহল জোরদার করা হয়। এ সময় গণমাধ্যমে ‘শাহজাহানপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে’ বলে খবর প্রকাশিত হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর বলেছে, সেখানে সেনা মোতায়েন করা হয়নি। শুধু টহল জোরদার করা হয়েছিল।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, সেনাবাহিনী জাতিসংঘ মিশনে কাজ করছে। শান্তি রক্ষার জন্য তারা বিদেশ যায়। যে দেশের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষার জন্য কাজ করছে, সে দেশে যদি শান্তি না থাকে তাহলে বিদেশিরা বলবে, তারা কীভাবে শান্তিরক্ষায় কাজ করবে? কাজেই চিন্তার বিষয় আছে। আপনাদের সবাইকে এটা চিন্তা করতে হবে। জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, সরকার মানুষ খুন করবে আর আমরা বসে বসে দেখবে, তা হবে না। আর চোখের পানি ফেলব না। প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে বলেও তিনি হুমকি দেন।খালেদা জিয়া বলেন, ২৬ মার্চের পর কঠোর আন্দোলন শুরু হবে। আর সেটা হবে সরকার পতনের আন্দোলন। কাল সোমবার কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি সেই কর্মসূচি পালন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সরকার পতনের জন্য আরও জোরেশোরে আন্দোলন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেন এই সরকারের পতন হয়।’ সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রাষ্ট্রপতি মারা গেলেন। বিএনপি শোক পালন করছে, আর সরকার শোকের নামে মানুষ খুন করছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কেমন সরকার? শোক দিবসে ছুটি থাকবে, এটাও তারা জানে না!’ আগামী নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘এত দিন আমরা বলেছি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এখন আর তা বলছি না। আমরা এই সরকারের পতন চাই। এখন থেকে সরকার পতনের আন্দোলন চলবে।’বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ দাড়ি ও টুপিওয়ালা লোক দেখলে আক্রমণ করে। এই সরকারের কাছে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। এই সরকার বেইমান, খুনি, মোনাফেক, হত্যাকারী ও লুটেরা।’ খালেদা জিয়া এখান থেকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় শোকসভায় বক্তব্য দেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেন। তিনি বগুড়ার গাবতলীতে ফিরে ক্ষতিগ্রস্ত হিন্দুমন্দির পরিদর্শন করেন এবং শাহজাহানপুরে শোক সমাবেশে বক্তব্য রাখেন।