সেনাবাহিনী সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্য উসকানিমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীকে ধ্বংসের জন্য সেনা কর্মকর্তাদের গুম করা প্রসঙ্গে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। গত সোমবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় দেওয়া ওই বক্তব্যকে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, এ ধরনের অসত্য, উসকানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বিরোধীদলীয় নেতার দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিত্বের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না। এর মাধ্যমে সেনাবাহিনীর মতো একটি জাতীয় শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী সুনির্দিষ্ট সেনা আইন দ্বারা পরিচালিত হয়। এর ব্যত্যয় ঘটলে সেনা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে—এটাই আইনের বিধান। এখানে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। সেনা আইনে সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হলে সেনাবাহিনী ধ্বংস হয় না, বরং আরও সুশৃঙ্খল ও শক্তিশালী পেশাদারি বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়।