সেনাবাহিনী সময়মতোই দায়িত্ব পালন করবে
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘সেনাবাহিনীরও দেশের প্রতি কর্তব্য আছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। মানুষ খুন করবে আর তারা চেয়ে চেয়ে দেখবে? কাজেই সেনাবাহিনী সময়মতোই তাদের দায়িত্ব পালন করবে।’ গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া সদরের মাটিডালি মোড়ে এক শোক সমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। ৩ মার্চ বগুড়া সদর, শাজাহানপুর, নন্দীপাড়া উপজেলাসহ বিভিন্ন স্থানে সহিংসতায় ১৫ জন নিহত হন। সে পরিপ্রেক্ষিতে এ এলাকা সফরে আসেন খালেদা জিয়া। একই কারণে তিনি জয়পুরহাট সফর করেন এবং দুই জেলায় চারটি শোক সমাবেশে বক্তব্য দেন। গতকাল রাত নয়টায় বগুড়ার শাজাহানপুরের আড়িয়ার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বশেষ সভায় বক্তব্য দিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।মাটিডালি মোড়ের সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘সেনাবাহিনী সেদিন এ পর্যন্ত এসেছিল। কিন্তু সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেব। তারা জনগণের ওপর কোনো কিছু করে নাই।’ প্রসঙ্গত, শাজাহানপুরে সহিংসতা এবং সেনানিবাসের পাশের থানা আক্রমণের পর মাঝিড়া সেনানিবাস থেকে সেনাবাহিনী রাস্তায় এসে টহল দেয়। বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সেনাবাহিনী ইউএন (জাতিসংঘ মিশনে) যায়, কাজ করে। শান্তি রক্ষার জন্য তারা বিদেশে যায়। যে দেশের সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষার জন্য কাজ করছে, সে দেশে যদি শান্তি না থাকে তাহলে বিদেশিরা বলবে, তারা কীভাবে শান্তি রক্ষায় কাজ করবে? কাজেই চিন্তার বিষয় আছে। আপনাদের সবাইকে এটা চিন্তা করতে হবে।’ জনগণকে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘সরকার মানুষ খুন করবে আর আমরা বসে বসে দেখব, তা হবে না। আর চোখের পানি ফেলব না। প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে দেশ অচল করে দেওয়া হবে।’খালেদা জিয়া বলেন, ২৬ মার্চের পর কঠোর আন্দোলন শুরু হবে। আর সেটা হবে সরকার পতনের আন্দোলন। সোমবার (আজ) কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচি আপনারা পালন করবেন। আরও জোরেশোরে আন্দোলন করতে হবে, যেন এই সরকারের পতন হয়।’ আগামী নির্বাচন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘এত দিন আমরা বলেছি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এখন আর তা বলছি না। আমরা এই সরকারের পতন চাই। এখন থেকে সরকার পতনের আন্দোলন চলবে।’ আবার রাতে শাজাহানপুরের জনসভায় নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘রাষ্ট্রপতি মারা গেলেন। বিএনপি শোক পালন করছে, আর সরকার শোকের নামে মানুষ খুন করছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘এটা কেমন সরকার? শোক দিবসে ছুটি থাকবে, এটাও তারা জানে না!’ খালেদা জিয়া অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ দাড়ি ও টুপিওয়ালা লোক দেখলে আক্রমণ করে। এই সরকারের কাছে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। এই সরকার বেইমান, খুনি, মোনাফেক, হত্যাকারী ও লুটেরা।’সমাবেশের আগে বগুড়া ও শিবগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দেন খালেদা জিয়া। তিনি নিহত ব্যক্তিদের স্বজনদের সমবেদনা জানান। মঞ্চে সহিংসতার মামলার আসামি: খালেদা জিয়া যখন মঞ্চে ভাষণ দিচ্ছিলেন তখন ওই মঞ্চে ছিলেন সহিংসতার ঘটনায় হওয়া মামলার দুই আসামি। তাঁরা হলেন জেলা জামায়াতে ইসলামীর আমির শাহাবুদ্দিন আহমেদ, আবিদুর রহমান ওরফে জুয়েল। বগুড়া সদর ও আশপাশের উপজেলায় ৩ মার্চ জামায়াত-শিবির তিনটি থানা, সাতটি পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের সব দপ্তর, ব্যবসাপ্রতিষ্ঠান, বাড়িঘর, গণমাধ্যমের কার্যালয়, রাজনৈতিক নেতাদের বাড়ি ও দলীয় দপ্তরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে। এ সহিংসতা থামাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং তাতে এ পর্যন্ত ১৫ জন মারা যায়। বিএনপির নেতা-কর্মীরাও এসব সহিংসতায় অংশ নিয়েছিল বলে অভিযোগ আছে। বগুড়ার এ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। সমাবেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বগুড়ার সমাবেশের পর খালেদা জিয়া জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর এলাকায় শোকসভায় বক্তব্য দেন। সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেন। ৩ মার্চের সহিংসতায় পাঁচবিবিতে ছয়জন নিহত হন। জামায়াত-শিবির সেদিন থানা আক্রমণের চেষ্টা করেছিল। তারা হিন্দুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট করে। এসব সহিংসতায় স্থানীয় বিএনপি কর্মীরাও অংশ নিয়েছিলেন বলে অভিযোগ আছে। এখানকার সমাবেশে খালেদা জিয়া বলেন, এ সরকার মহা দুর্নীতিবাজ সরকার। প্রধানমন্ত্রী থেকে সবাই দুর্নীতি করেছেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর পালিয়ে বাঁচতে পারবেন না। পৃথিবীর যেখানেই থাকেন না কেন খুঁজে বের করা হবে।’ তিনি বলেন, ‘এখানে যাদের হত্যা করা হয়েছে তাদের অপরাধ, তারা মুসলমান।’ বিরোধীদলীয় নেতা সরকারকে হুঁশিয়ার করে বলেন, জুলুম-অত্যাচার হলে পরিণতি ভয়াবহ হবে। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, অনেক রক্ত দিয়েছেন, জানি আরও রক্ত দেবেন। এমন অবস্থা তৈরি করতে হবে, যেন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।ভাঙা মন্দির দেখতে গাবতলীতে: জয়পুরহাট থেকে আবার বগুড়ায় ফিরে গাবতলী উপজেলায় যান খালেদা জিয়া। ৩ মার্চ এখানে হিন্দুদের একটি মন্দির ভাঙচুর এবং ১৯ মার্চ রাতে আরও চারটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়। সেখানে তিনি মন্দির কমিটিগুলোর নেতাদের সঙ্গে কথা বলেন। মন্দির সংস্কারে আর্থিক সহায়তা দেন। তিনি সেখানে একটি সমাবেশে বক্তব্যও দেন। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মিলন রহমান ও আনোয়ার পারভেজ বগুড়া এবং আসাদুল ইসলাম, জয়পুরহাট।]