সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে আধুনিক হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী ২০৩০ সালের মধ্যে একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত হবে। আজ রোববার সকালে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট প্যারেড গ্রাউন্ডে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমরা ভিশন ২০২১ বাস্তবায়ন করছি। এই রূপকল্পের সঙ্গে সংগতি রেখে বাংলাদেশ সেনাবাহিনীতে “ফোর্সেস গোল ২০৩০” গ্রহণ করা হয়েছে। এর ফলে সেনাবাহিনী একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে পরিণত হবে।’প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ‘ডকট্রিন অব আনকনভেনশনাল ওয়ারফেয়ার’ তৈরি করা হয়েছে। এলাকাভিত্তিক উপাত্ত সংগ্রহ করে এর ডেটাবেজ তৈরি করা হচ্ছে। এগুলো পর্যায়ক্রমে সমন্বিত প্রশিক্ষণ ও অনুশীলনের আওতায় আনা হবে।প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিশ্বে একটি সুশৃঙ্খল, দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধান, আর্মি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডকট্রিনের জিওসি, লজিস্টিক এরিয়া কমান্ডার, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।