সেনাবাহিনীকে আধুনিক, কার্যকর ও যুগোপযোগী করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়িত হলে সেনাবাহিনী একটি আধুনিক, কার্যকর ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তরিত হবে।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির বেগম নাসরিন জাহান রত্নার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক ও সুসজ্জিতকরণে সরকার রূপকল্প-২০২১-এর আলোকে কার্যক্রম হাতে নিয়েছে। মোট চার ধাপে পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মাধ্যমে ফোর্সেস গোল-২০৩০ চূড়ান্তকরণ হবে। বর্তমান সরকারের সময়েই প্রয়োজনীয় আধুনিকায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০-এর সার্বিক বাস্তবায়ন সম্পন্ন হলে সেনাবাহিনী একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে রূপান্তরিত হবে।প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নিরাপত্তায় অপ্রচলিত হুমকি যেমন সন্ত্রাসী হামলা, নাশকতামূলক কর্মকাণ্ড, প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় ইত্যাদি মোকাবিলায় সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হবে। বিভিন্ন পর্যায়ে সার্চ অ্যান্ড রেসকিউ টিম গঠনের জন্য সরঞ্জামাদির সহায়তা দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, আপত্কালীন সময়ে অপ্রচলিত যুদ্ধের জন্য এলাকাভিত্তিক উপাত্ত সংগ্রহপূর্বক ডেটাবেইস তৈরি করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় এখন স্বয়ংক্রিয় রাইফেল প্রস্তুত করে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় সরবরাহ করা হচ্ছে। আগে বৈদেশিক মুদ্রায় চীন থেকে এসব আনা হতো। এ ছাড়া বিভিন্ন প্রকার ক্ষুদ্র অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রক্রিয়াও চলছে।প্রধানমন্ত্রী বলেন, রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিংয়ের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ১৫৪ জন জনবল নিয়োগের অনুমোদন, মিরপুর সেনানিবাসে রাডার কন্ট্রোল গানসংবলিত এয়ার ডিফেন্স রেজিমেন্ট প্রতিষ্ঠা, সিএমএইচের সাংগঠনিক কাঠামো ৮৪৩ জনবলের প্রাধিকার বৃদ্ধি করা হয়েছে। বাসস।