সেনাবাহিনীকে কট্টর পঞ্চায়েতের সঙ্গে তুলনা
ভারতের কর্ণাটকের একটি হাইকোর্ট বেঞ্চ দেশের সেনাবাহিনীকে ‘খাপ পঞ্চায়েতের’ সঙ্গে তুলনা করেছেন। গতকাল মঙ্গলবার একজন তরুণ সেনা কর্মকর্তার বিয়েসংক্রান্ত মামলার আপিলের শুনানি চলাকালে আদালত এ মন্তব্য করেন।খাপ হচ্ছে ভারতের হরিয়ানা, রাজস্থান ও উত্তর প্রদেশে প্রাচীনকাল থেকে প্রচলিত সামাজিক শাসনব্যবস্থা। এই পঞ্চায়েতের বিচারকেরা সামাজিক কোনো বিচার বা বিষয়ের ক্ষেত্রে খুব কট্টর অবস্থান নিয়ে থাকেন। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বেঙ্গালুরুতে বসবাসরত শ্রীলঙ্কার এক শিক্ষার্থীর (২৯) সঙ্গে প্রেম হয় ভারতীয় সেনা কর্মকর্তা মেজর বিকাশ কুমারের। তাঁরা বিয়ে করতে চাইলে বাদ সাধে সেনা কর্তৃপক্ষ। এমনকি বিদেশিনীর সঙ্গে ওই সেনা কর্মকর্তার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় বিদেশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।মেজর বিকাশ বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে চাকরি ছাড়ার আবেদন করেন। এই আবেদন নাকচ হলে মেজর বিকাশ আদালতের শরণাপন্ন হন।গত জুনে একজন বিচারপতির বেঞ্চ মেজর কুমারের পক্ষে রায় দিয়ে বলেন, ‘একজন বিদেশিকে বিয়ে করতে চাকরি ছাড়তে চান মেজর বিকাশ। তাই সেনাবাহিনী কোনোভাবেই তাঁর আবেদন নাকচ করতে পারে না।’এর পরই কেন্দ্রীয় সরকার এ রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করে। সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘কী ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কী উদ্দেশ্যে মেজর বিকাশ ও একজন বিদেশির মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে, তা তদন্ত করতে আমরা নির্দেশ দিয়েছি।’ কিন্তু প্রধান বিচারপতি বিক্রমজিত্ সেনের নেতৃত্বাধীন বেঞ্চ গতকাল মঙ্গলবার আগের আদেশ বহাল রাখেন।এ মামলায় সরকারের ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করে বিচারপতি সেন বলেন, ‘এটি কোনো খাপ পঞ্চায়েত নয়, এটি সেনাবাহিনী। সেনাবাহিনীর অবস্থান আমাদের কাছে পরিষ্কার নয়। এ ব্যাপারটি ওই সেনা কর্মকর্তার জন্য খুবই দুঃখজনক।’ এ সময় তিনি ভারতের সাবেক প্রেসিডেন্ট কে আর নারায়ণনের উদাহরণ টেনে বলেন, তিনিও ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। তিনিও একজন বিদেশি নাগরিককে বিয়ে করেছিলেন। উল্লেখ্য, কে আর নারায়ণন মিয়ানমারের বংশোদ্ভূত মা তিন্ত তিন্তকে বিয়ে করেছিলেন।মেজর বিকাশের আইনজীবী আদালতকে বলেন, ‘আদালতের আদেশ হওয়ার পরও সেনাবাহিনী ওই আদেশ প্রায় চার মাস ধরে কার্যকর না করায় তাঁদের দ্বিতীয়বার আদালতের দ্বারস্থ হতে হয়েছে। আইন অনুযায়ী ১২০ দিনের মধ্যেই এ বিষয়ে সেনাবাহিনীর “হ্যাঁ” বা “না” জানানোর কথা। আর এ ধরনের তদন্তের নির্দেশ কোন আইনের অধীনে দেওয়া হয়েছে, তা আমাদের অজানা।’মেজর বিকাশ ২০০০ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সিগন্যাল কোরের কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।