সেনাবাহিনীকে কেউ যাতে ব্যবহার না করে, সেই ব্যবস্থা করব: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করে বিএনপি তাদের নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে।আজ শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।মাহবুব উল হানিফ বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা সরকারের পতন ঘটাতে চান কেন? কোন যুক্তিতে, কোন নীতিতে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের কথা বলছেন।’ তিনি বলেন, ভবিষ্যতে আর কেউ যাতে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার জন্য সেনাবাহিনীকে ব্যবহার করতে না পারে, সেই ব্যবস্থা করা হবে।হানিফ আরও বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও যদি আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের জন্য এবং যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য আন্দোলন করতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার এ জাতির জন্য আর কী হতে পারে? আন্দোলনের নামে কোনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’আলোচনা সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য দেন। বাসস।