সেনাবাহিনীকে ক্ষমতায় আনার জন্য কাজ করিনি: ফখরুদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নিজের কিছু করার ক্ষমতা নেই। তিনি সামরিক বাহিনীর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুকুম তামিলকারী মাত্র।’ ভারতীয় পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব মোহন কুমারকে উদ্ধৃত করে মার্কিন নথির এ বক্তব্য অসত্য বলে মন্তব্য করেছেন ড. ফখরুদ্দীন আহমদ।উইকিলিকসের ফাঁস করা মার্কিন নথির এ বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে টেলিফোনে যোগাযোগ করা হলে ড. ফখরুদ্দীন আহমদ গতরাতে প্রথম আলোকে বলেন, ‘মার্কিন নথির বক্তব্য আমি দেখিনি। যদি এ রকম বক্তব্য থাকে, তাহলে সেটা অসত্য।’যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থানরত ড. ফখরুদ্দীন আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবিধানিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। সেনাবাহিনীকে ক্ষমতায় আনার জন্য আমার সরকার কাজ করেনি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে আমরা সহায়তা করেছি মাত্র।’তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক প্রধান উপদেষ্টা বলেন, ‘২০০৭ সালের এপ্রিলেই ঘোষণা দিয়েছিলাম যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমরা কাজের মধ্য দিয়ে তা প্রমাণ করেছি। যার ফলশ্রুতিতে দেশে বর্তমান গণতান্ত্রিক সরকারব্যবস্থা এসেছে। এতে প্রমাণিত হয়, মার্কিন নথির ওই বক্তব্য সঠিক নয়।’প্রসঙ্গত, ড. ফখরুদ্দীন আহমদ বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে ঊর্ধ্বতন গবেষক (সিনিয়র রিসার্চ ফেলো) হিসেবে কাজ করছেন।