আইএসপিআরের সংবাদ সম্মেলন: রেশমা-সংক্রান্ত বিদেশি পত্রিকার খবরের সত্যতা অস্বীকার
সেনাবাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না: সারওয়ার্দী
‘সেনাবাহিনীকে নিয়ে ফাউল খেলবেন না। অনেক সময় ফাউল খেললে আঘাত নিজের গায়ে এসে লাগার সম্ভাবনা আছে।’ সব মহলের প্রতি এ অনুরোধ জানিয়েছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর ভাবমূর্তি কচুর পাতার পানির মতো টলটল করে ভাসে না যে, কারও পায়ের ধাক্কায় সেখান থেকে খসে পড়ে যাবে।’সাভারে ধসে পড়া রানা প্লাজার শ্রমিক রেশমা উদ্ধার নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ডাকা সংবাদ সম্মেলনে হাসান সারওয়ার্দী এ কথা বলেন। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।জিওসি বলেন, ‘সানডে মিরর-এর ওই সাংবাদিক এবং তাঁকে সহায়তাকারীদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ আদায়ের জন্য সরকারের কাছে দাবি জানাই। তাঁরা আমাদের সম্মান নষ্ট করেছেন। এর সঙ্গে যাঁরা জড়িত আছেন, তাঁদের সবার শাস্তি হওয়া উচিত। তদন্ত করে এঁদের বের করতে হবে।’সংবাদ সম্মেলনে মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলম, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আজমল, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান ও আইএসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম উপস্থিত ছিলেন।গত ২৪ এপ্রিল সাভারের নয়তলা রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় এক হাজার ১৩১ জন নিহত হন। ভবনধসের ১৭ দিনের মাথায় ১০ মে ধ্বংসস্তূপ থেকে রেশমাকে জীবিত উদ্ধার করা হয়, যা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। এরপর গত ২৩ জুন একটি অনলাইন সংস্করণে ‘রানা প্লাজা ট্রাজেডি: রেশমা উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর ১ জুলাই যুক্তরাজ্যের ট্যাবলয়েড সানডে মিরর রেশমা উদ্ধারের ঘটনা ‘সাজানো’ বলে প্রতিবেদন প্রকাশ করে। মিরর এর বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্রিকা এ খবর প্রকাশ করে। এরপর আইএসপিআর থেকে এর প্রতিবাদ করা হয়।ওই প্রতিবেদনে যাঁদের বক্তব্য ছাপা হয়েছিল, তাঁদের ডেকে এনে গতকাল জাতীয় প্রেসক্লাবে আরেকটি সংবাদ সম্মেলন করা হয়। এর এক ঘণ্টা পর একই বিষয়ে তথ্য অধিদপ্তরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকে আইএসপিআর। সাংবাদ সম্মেলনে জিওসি বলেন, রেশমাকে নিয়ে সানডে মিরর এর প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা। এটা বাংলাদেশের মর্যাদা, সম্মান, আবেগ, অনুভূতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের উদ্দেশ্য সেনাবাহিনীকে আঘাত করা, ‘চেইন অব কমান্ড’ নষ্ট করা।সারওয়ার্দী বলেন, ‘যাদের বক্তব্য নিয়ে ওই প্রতিবেদন করা হয়েছে, তাদের অর্থের লোভ দেখানো হয়েছিল। ওই সাংবাদিক ভ্রমণ ভিসায় এ দেশে এসেছিলেন। তিনি তাঁর দেশে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ছিলেন।’জিওসি বলেন, ‘ভবনধসের পর সেখানে গণমাধ্যম কর্মীদের অবাধ বিচরণ ছিল। তাঁরা যখন যেখানে খুশি যেতে পেরেছেন। অনেক টিভি চ্যানেল সরাসরি উদ্ধার অভিযান দেখিয়েছে। এখানে স্বচ্ছতাই ছিল আমাদের মূল শক্তি।’জিওসি বলেন, ‘সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য বিভিন্ন বক্তব্য বিভিন্ন স্থান থেকে উত্থাপিত হচ্ছে। রানা প্লাজায় যখন উদ্ধার অভিযান শুরু করি, তখন থেকেই এ ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন ব্লগেও এ বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বলা হয়েছে সেনাবাহিনীকে এ উদ্ধার অভিযান থেকে সরাতে হবে।’ জিওসি বলেন, এটা উদ্ধারকর্মীদের পেশাগত দক্ষতাকে উপহাস করার নামান্তর। দেশ ও জাতির যেকোনো দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে ছুটে যায়। সেনাবাহিনী দেখে জনগণ শক্তি পায়, আস্থা পায়। নির্বাচনেও বিভিন্ন দল সেনাবাহিনীর প্রয়োজনীয়তা বোধ করে। তাহলে সেনাবাহিনীর এরকম অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করার অবকাশ কোথায়? কেন করা হচ্ছে? বিদেশি যেকোনো কুচক্রী মহল বা সানডে মিরর এর মতো পত্রিকা যে ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জিওসি। ফাউল খেলবেন না—এটা কাদের উদ্দেশ্য করে বলছেন? জানতে চাইলে জিওসি বলেন, ‘যারা ষড়যন্ত্র করে আমাদের শেষ আশ্রয়স্থল সেনাবাহিনীকে নিয়ে। সাংবাদিক সাইমন রাইট একা বাংলাদেশে আসতে পেরেছেন, সেটা আমি বিশ্বাস করি না। কেউ তাঁকে সহায়তা করেছে। তারা সেনাবাহিনী ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি তাঁদের বিচার চাই।’ ষড়যন্ত্রকারী কারা? জবাবে সারওয়ার্দী বলেন, ‘আমরা ষড়যন্ত্র প্রতিহত করতে গেলে উদ্ধার ব্যাহত হতো। আপনারা খুঁজে বের করুন কারা ষড়যন্ত্র করছে। বিদেশ থেকে কীভাবে সাংবাদিক আনা হয়েছে। এসব খুঁজে দেখা হোক।’একটি পত্রিকার অনলাইনে এ খবর আগেই ছিল, কেন প্রতিবাদ করেননি? জিওসি বলেন, ‘এটা আমাদের নজরে আসেনি। সানডে মিরর খবর প্রকাশের পর আমরা সেটা জানতে পারি। তখন খুঁজে দেখি,সানডে মিরর এর বক্তব্য ওই অনলাইনের অনুবাদ ছাড়া আর কিছু নয়।’