সেনাবাহিনীকে নিয়ে বেশি খোয়াব দেখবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার বগুড়ার জনসভায় সেনাবাহিনীকে নিয়ে দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, ‘সেনাবাহিনীকে নিয়ে এত বেশি খোয়াব দেখবেন না, কারণ ১৯৮৬ সালেও আপনি খোয়াব দেখেছিলেন। বলেছিলেন, সিপাহি-জনতা জাগো। এরপর তিন দিন আর আপনাকে খুঁজে পাওয়া যায়নি। আপনি লাপাত্তা হয়েছিলেন। সেদিন সিপাহিও আসেনি, জনতাও আসেনি।’বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে গতকাল শনিবার বিকেলে ১৪-দলীয় মহাজোট আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।খালেদা জিয়ার উদ্দেশে তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী একবার এসেছিল। সর্বোচ্চ আদালতের রায়ে আপনার ক্যান্টনমেন্টের বাড়ি দখলমুক্ত করতে গিয়েছিল। সেদিন আপনি অনেক নাটক করেছিলেন। মায়াকান্না কেঁদেছিলেন। শেষ রক্ষা হয়নি। সেই বাড়ি দখলমুক্ত হয়েছে।’চাঁদে দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেখা যাওয়ার গুজব তুলে গত ৩ মার্চ বগুড়া জেলাজুড়ে জামায়াত-শিবির সহিংসতা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা-লুটপাট, অগ্নিসংযোগ-ভাঙচুরসহ তাণ্ডব চালায়। এর প্রতিবাদে ঘটনার এক মাস পর শনিবারের ওই জনসমাবেশের আয়োজন করে ১৪-দলীয় মহাজোট। তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াত-শিবিরকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘আপনারা বেশি লাফালাফি করবেন না। বেগম জিয়া যতই আপনাদের পাশে থাক, এ দেশের সার্বভৌমত্বকে নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। কারণ, একসময় আপনাদের নেতা মওদুদি অখণ্ড ভারতের দাবি তুলেছিল, সফল হয়নি, একাত্তর সালে পাকিস্তান চেয়েছিল, সফল হয়নি। এখন আবার দেশে লুটপাট-অগ্নিসংযোগ আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চাইছেন। কিন্তু জনগণ তা সফল হতে দেবে না। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, হবেই, কেউ তা ঠেকাতে পারবে না।’ সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মো. নাসিম বলেন, ‘খালেদা জিয়া বগুড়াকে নিজের জেলা বলে দাবি করেন। অথচ বগুড়ায় ঘুমন্ত মানুষের ওপর হামলা হলো, জাতীয় পতাকা পোড়ানোসহ তাণ্ডব চালানো হলো, আপনি এখানে এসে নিন্দা জানালেন না। কারও প্রতি সমাবেদনা জানালেন না।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘মুখে ইসলাম ইসলাম বললেই পাক্কা ইমানদার হওয়া যায় না।’আরেক সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, ‘খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে যতই ষড়যন্ত্র করুক, যুদ্ধাপরাধীদের বিচার এ সরকার করবেই।’জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে একত্র হতে হবে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের চার সাংসদ আবদুল মান্নান, হাবিবুর রহমান, মনোয়ার হোসেন চৌধুরী এবং খাদিজা খাতুন, ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য লুৎফর রহমান, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সালেহা সুলতানা, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য রেজাউল করিম প্রমুখ।