সেনাবাহিনীতে উগ্র মতবাদ নয়: সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীতে উগ্র রাজনৈতিক মতবাদের অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে সম্প্রতি সেনাবাহিনীতে ঘটে যাওয়া ব্যর্থ অভ্যুত্থানের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীতে অভ্যুত্থানের যে অপচেষ্টা হয়েছে, তা অপ্রত্যাশিত। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। কোনো অপরাধী যাতে পার না পায়, বৈঠকে সেই ব্যবস্থা নিতে বলা হয়েছে। কমিটির মতে, সশস্ত্র বাহিনীতে এমন ব্যবস্থা থাকা উচিত যাতে কোনো ধরনের উগ্র মতবাদ সামরিক বাহিনীতে অনুপ্রবেশ করতে না পারে। একই সঙ্গে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সে সম্পর্কে এখন থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।সভাপতি জানান, উগ্র মতবাদ বলতে তাঁরা যেকোনো ধরনের চরম মতবাদ, অর্থাত্ উগ্র বামপন্থী কিংবা উগ্র ধর্মীয় মতবাদকে বুঝিয়েছেন।অভ্যুত্থানের ঘটনায় কতজন সেনাসদস্য জড়িতের কথা কমিটিকে জানানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে ইদ্রিস আলী বলেন, জড়িতদের সংখ্যা কম। অভ্যুত্থানের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য ছিল। একটি রাজনৈতিক গোষ্ঠী এ বিষয়ে ইন্ধন জুগিয়েছে। সেনাবাহিনীকে ব্যবহারের চেষ্টা করেছে।’সেই রাজনৈতিক গোষ্ঠী হিযবুত তাহরীর, নাকি বিএনপি? জানতে চাইলে ইদ্রিস আলী বলেন, ‘অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের হিযবুত তাহরীরের প্রতি আনুগত্য ছিল। পরে একটি রাজনৈতিক দল এটাকে পুঁজি করতে চেয়েছে।’ সেই রাজনৈতিক দল বিএনপি কি না জানতে চাইলে সভাপতি বলেন, ‘এটা আপনারা বুঝে নিন।’ তিনি জানান, এ ধরনের একটি ষড়যন্ত্রমূলক ঘটনা ব্যর্থ করে দেওয়ায় কমিটির পক্ষ থেকে সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হয়েছে।এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুজিবুল হক, নুরুল মজিদ হুমায়ুন ও রফিকুল ইসলাম অংশ নেন। এ ছাড়া তিন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।