সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের প্রশংসায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ, বৈশ্বিক শান্তিরক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী আজ রোববার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে পঞ্চম ইঞ্জিনিয়ার্স কোরের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে ভাষণকালে এ প্রশংসা করেন।প্রধানমন্ত্রী বলেন, এই কোরের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও সেতু নির্মাণ, বিভিন্ন নদীতে বাঁধ নির্মাণ, ঢাকা শহর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, ঢাকা শহরের যানজট নিরসনে বিজয় সরণি থেকে রোকেয়া সরণি পর্যন্ত সড়ক নির্মাণ, হাতিরঝিল, বেগুনবাড়ী খাল প্রকল্প, মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার নির্মাণ এবং বনানী রেলওয়ে ক্রসিং ওভার পাস নির্মাণকাজে অংশ নিয়েছেন।প্রধানমন্ত্রী আরও বলেন, ওই কোরের সদস্যরা অনেক যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অংশ নিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাঁরা কুয়েত পুনর্গঠনে অবদান ও আফ্রিকায় শান্তিরক্ষী হিসেবে কাজ করে দেশের জন্য বিশেষ সম্মান বয়ে এনেছেন। প্রধানমন্ত্রী দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, ইঞ্জিনিয়ার্স কোরের সুযোগ্য ও সুশৃঙ্খল সদস্যরা তাঁদের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যবোধ ও নিষ্ঠার মাধ্যমে সেনাবাহিনীর সম্মানকে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দিন দিন আরও বৃদ্ধি করবেন।প্রধানমন্ত্রী কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল মো. আবদুল মুবীন ও ওই কোরের কর্নেল কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ তাঁকে স্বাগত জানান। বাসস।