সেনাবাহিনীর একাংশের দুর্নীতি তুলে ধরল টিআইবি
২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিকদের ওপর নির্যাতন ও হয়রানি, রাজনৈতিক কর্মকাণ্ড ও গণমাধ্যম নিয়ন্ত্রণসহ সেনাসদস্যদের একাংশের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।আজ বুধবার ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনীর সদস্যদের একাংশের ভূমিকা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। প্রতিবেদন অনুযায়ী, সেনাসদস্যদের একাংশের অনিয়ম ও দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য হলো—বিধিবহির্ভূতভাবে ও জোর করে অর্থ আদায় ও গ্রহণ; বিধিবহির্ভূতভাবে চট্টগ্রাম বন্দরে বার্থ অপারেটর নিয়োগ ও কনটেইনার রাখার চার্জ বৃদ্ধি; স্থানীয় সরকার প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের নির্যাতন; ব্যবসায়ী, শিল্পপতি ও ঠিকাদারদের ওপর নির্যাতন; আইনি সহায়তাপ্রত্যাশীদের ভয়ভীতি দেখানো; প্রক্রিয়া না মেনে দ্রুত বিচার; সুপ্রিম কোর্ট ও ঢাকা বারের নির্বাচন পেছাতে বাধ্য করা; জেলখানায় ডিভিশনপ্রাপ্তিতে প্রভাবিত করা ইত্যাদি। ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে সংগৃহীত তথ্য, ২০০ তথ্যদাতার সাক্ষাত্কার, আটটি দলীয় আলোচনা, ২০টি কেস স্টাডি এবং পরোক্ষ উত্স থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়। ক্ষমতার অপব্যবহার করে অর্থসম্পদ অর্জন, সংবিধান ও আইন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ—এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘রাজনৈতিক সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ, সেনাবাহিনীর অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়, আইনের শাসন ব্যাহত হয় ও গণতান্ত্রিক ধারার গতি বাধাগ্রস্ত হয়।’ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান বলেন, প্রতিরক্ষা বাহিনীর কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করা। জনপ্রশাসনে তাদের ভূমিকা থাকা উচিত নয়। এতে তাদের পেশাগত দক্ষতা ক্ষতিগ্রস্ত ও মূল দায়িত্ব পালন ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণেই সেনাবাহিনীকে দেশ পরিচালনায় হস্তক্ষেপ করতে হয়, যা প্রত্যাশিত নয়।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গণতন্ত্রের কোনো বিকল্প নেই। কোনো গণতান্ত্রিক ব্যবস্থাতেই সশস্ত্র বাহিনী জবাবদিহির ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে তথাকথিত এক-এগারো এড়াতে গণতান্ত্রিক চর্চা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের বিকল্প নেই।’সাত দফা সুপারিশগবেষণায় পাওয়া ফলাফলের ভিত্তিতে টিআইবি সাত দফা সুপারিশ তুলে ধরে; এগুলো হলো—সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা; সেনাসদস্যদের বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থার ওপর তথ্য প্রকাশ; সামরিক গোয়েন্দা সংস্থার কর্মপরিধি ও এখতিয়ার সুনির্দিষ্টকরণ; বেসামরিক কাজে সশস্ত্র বাহিনীর ব্যবহার সীমিতকরণ; দায়মুক্তির সুযোগ আইনত নিষিদ্ধকরণ; অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণ এবং রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা ও দায়িত্বশীল আচরণ।