তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর: টিআইবির গবেষণা প্রতিবেদন
সেনাবাহিনীর একাংশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ
বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে সশস্ত্র বাহিনীর একাংশ ক্ষমতার অপব্যবহার, অবৈধ প্রভাব বিস্তার, সংবিধান লঙ্ঘন, আইন ও মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে অবৈধভাবে অর্থ-সম্পদ অর্জন করেছে। এ সময় গণমাধ্যমের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।‘২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সশস্ত্র বাহিনীর সদস্যদের একাংশের ভূমিকা’ শীর্ষক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।গতকাল বুধবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল, ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান এবং নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। টিআইবির গবেষক মো. রেযাউল করিম প্রতিবেদনটি তুলে ধরেন। এতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ও বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে সেনাবাহিনীর কত সদস্য জড়িত ছিলেন—এ প্রশ্নের জবাবে বলা হয়, ‘উল্লেখযোগ্যসংখ্যক’। তবে ওই দুই বছরে ভোটার তালিকা তৈরি, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করাসহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইতিবাচক ভূমিকার কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে।টিআইবির প্রতিবেদনের ব্যাপারে জানতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছু জানাতে পারেনি।সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন প্রথম আলোকে বলেন, দেশে সেনাবাহিনীর হস্তক্ষেপের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে সবারই দায়িত্ব আছে। যার যার ক্ষেত্রে সবাইকে নিজের দায়িত্ব সম্পর্কে সজাগ থাকা উচিত। সেনাসদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেনাসদস্যরা দুর্নীতি করুক, এটা কেউ প্রত্যাশা করে না। এটা খুবই দুর্ভাগ্যজনক।সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘দেশ চালানোর দায়িত্ব রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। সেনাবাহিনী হলেই যে তারা ভালো দেশ শাসন করতে পারবে, সেই চিন্তা থেকে আমাদের সরে আসতে হবে। মনে রাখতে হবে, গণতন্ত্রের বিকল্প কখনো কোনো অগণতান্ত্রিক শক্তি হতে পারে না।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পাঁচটি নির্দেশকের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে। এগুলো হলো: ক্ষমতার অপব্যবহার করে অর্থ-সম্পদ অর্জন, সংবিধান ও আইন লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘন, প্রভাব বিস্তার ও গণমাধ্যম নিয়ন্ত্রণ। ওই সময়ের সরকারের উপদেষ্টা, স্থানীয় সরকার প্রতিনিধি, সাবেক ও বর্তমান সাংসদ, মন্ত্রী-প্রতিমন্ত্রী, ব্যবসায়ী, সাবেক সেনাপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, রাজনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেলিভিশন ও সংবাদপত্রের মালিক ও সাংবাদিকদের মধ্য থেকে দুই শতাধিক মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছেন তাঁরা। তাঁদের পাওয়া তথ্যের যথার্থতা মূল্যায়নের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকায় তাঁরা একজনের সঙ্গে অন্যজনের সাক্ষাৎকার মিলিয়ে দেখেছেন।প্রতিবেদনের সার-সংক্ষেপে বলা হয়, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ নিয়ে রাজনৈতিক সংঘাতের প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ দেশে জরুরি অবস্থা জারি করেন। এর পেছনে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের একাংশের ভূমিকা ছিল। ২০০৭ সালের ১২ জানুয়ারি সশস্ত্র বাহিনীর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটি সরকার গঠন করা হয়, যা ‘ওয়ান ইলেভেন’ বা ‘সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার’ হিসেবে পরিচিত।প্রতিবেদনে বলা হয়, ২০০৭-০৮ সালে দুর্নীতিবিরোধী অভিযানে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের একাংশ এখতিয়ার-বহির্ভূত কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িয়ে পড়েন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ তাঁর নিজের বইতে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সত্যতা স্বীকার করেন।টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হাফিজউদ্দিন খান বলেন, রাজনৈতিক সংকটের সময় সশস্ত্র বাহিনীকে বেসামরিক প্রশাসনের দায়িত্ব দেওয়া হলে তা সশস্ত্র বাহিনীর জন্য দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি করে।ক্ষমতা অপব্যবহার করে অর্থ-সম্পদ অর্জন: ওই সময়ে সশস্ত্র বাহিনীর কোনো কোনো সদস্য পেশাগত পরিচয়, পদবি ও প্রভাব কাজে লাগিয়ে অবৈধ অর্থ-সম্পদ অর্জন করেন। দুদকে মামলা করার হুমকি দিয়েও তাঁরা অর্থ আদায় করেন। আবার ঢাকা-সংলগ্ন কয়েকটি উপজেলার বাসিন্দাদের পছন্দের জমি বিক্রি করতে বাধ্য করেন। এ কাজে রাজি না হলে ক্যাম্পে নিয়ে নির্যাতন করার অভিযোগও পাওয়া যায়। স্থানীয় একজন জনপ্রতিনিধি এ ধরনের ঘটনায় টাস্কফোর্সের নির্যাতনের শিকার হয়ে প্রায় এক বছর জেল খাটেন। জোর করে টাকা আদায়: ২০০৭ ও ২০০৮ সালে আইনি বৈধতা ছাড়াই ভয়-ভীতি দেখিয়ে দেশের ব্যবসায়ী, ঠিকাদার ও শিল্পপতিদের কাছ থেকে এক হাজার ২৩২ কোটি টাকা আদায় করা হয়। জোর করে আদায় করা এ টাকার পুরোটা সরকারি কোষাগারে জমা না দিয়ে এর একাংশ আত্মসাৎ করা হয়। চট্টগ্রাম বন্দরে অনিয়ম: গবেষণার তথ্যে দেখা যায়, দরপত্র আহ্বানের মাধ্যমে ‘বার্থ অপারেটর’ নিয়োগের বিধান থাকলেও চট্টগ্রাম বন্দর টাস্কফোর্সের ইচ্ছামতো বন্দর কর্তৃপক্ষ একটি সাধারণ সভা ডেকে বার্থ অপারেটর নিয়োগ করে। একইভাবে বন্দরের নিয়ম অনুসরণ না করে দরপত্র ছাড়া একটি কোম্পানিকে অটোমেশন পদ্ধতি চালুর কাজ দেওয়া হয়।মানবাধিকার লঙ্ঘন: প্রতিবেদনে বলা হয়, ওই সময় মাঠপর্যায়ে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যরা জনগণের কাছ থেকে পাওয়া অভিযোগের নাম করে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের ধরে অজ্ঞাত স্থানে আটক করে রাখেন। আবার কখনো তাঁদের স্থানীয় ক্যাম্পে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়।হয়রানি: জরুরি অবস্থার সময় দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের ভয়ভীতি দেখানো হয়। নতুন দলে যোগ দিতে বা একাত্মতা প্রকাশ করতে রাজনীতিবিদদের প্রলোভন ও চাপ দেওয়া হয়।গবেষণায় বলা হয়, ওই সময় নোটিশ ছাড়াই অনেক ব্যবসায়ীর খাদ্যগুদাম সিল করে দেওয়া হয়। ব্যবসায়ীদের গ্রেপ্তার ও নির্যাতন করা হয়। তাঁদের আটক করে ফ্ল্যাট, জমি বা সম্পত্তি বাজারের চেয়ে কম দামে লিখে দিতে বাধ্য করা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন: ২০০৭ সালের আগস্ট মাসে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করা হয় এবং আদালতে সোপর্দ না করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। এ সময় তাঁদের ওপর শারীরিক নির্যাতন করা হয় বলে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন। শিক্ষকেরা আদালতে গেলে বিচার-প্রক্রিয়ায়ও হস্তক্ষেপ করা হয়।আদালতে প্রভাব বিস্তার: জরুরি অবস্থার সময় করা মামলার বিবাদীর পক্ষে মামলা পরিচালনা না করার জন্য আইনজীবীদের ওপর চাপ দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে আইনজীবীদের ভয়-ভীতি দেখানো হতো। এ ছাড়া দ্রুত বিচার আদালতের বিচারিক প্রক্রিয়ায় সশস্ত্র বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করেন।রাজনৈতিক কর্মকাণ্ড: প্রতিবেদনে বলা হয়, ওই সময় প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ থাকলেও ‘সংস্কারপন্থী’ হিসেবে পরিচিত রাজনৈতিক কর্মকাণ্ডে সামরিক প্রভাব ছিল। জরুরি অবস্থায় ‘আবিষ্কৃত’ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের রাজধানীর একটি হোটেলে সমবেত করা হয়।গণমাধ্যম নিয়ন্ত্রণ: ওই সময় ‘জরুরি ক্ষমতা অধ্যাদেশ, ২০০৭’ ও ‘জরুরি ক্ষমতা বিধি, ২০০৭’-এর মাধ্যমে সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারমাধ্যম গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়। তখন সরকার ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের ওপর নির্মিত ছবি, সংবাদ ও প্রতিবেদন প্রচারের পূর্বে দেখানো কিংবা অনুলিপি দিতে চাপ প্রয়োগ করা হতো। রাজনীতিকদের নেতিবাচক কর্মকাণ্ড ও তাঁদের ব্যক্তিগত সম্পদের বিবরণী নিয়ে খবর প্রচারের জন্য চাপ দেওয়া হতো। কিছু কিছু ক্ষেত্রে আটক করা ব্যক্তিদের জবানবন্দির অডিও ক্যাসেট প্রচারে বাধ্য করা হয়েছে। আবার অনেক খবর প্রচার না করার জন্যও চাপ দেওয়া হতো।ইফতেখারুজ্জামান বলেন, যে প্রেক্ষাপটে সেনাবাহিনী ক্ষমতা দখল করে, সে রকম পরিস্থিতি আবার যেন না হয়। রাজনীতিবিদদের এ জন্য এগিয়ে আসতে হবে। তাঁদের আলোচনার টেবিলে ফিরে আসতে হবে, যাতে এ রকম পরিস্থিতি সৃষ্টি হতে না পারে।ইতিবাচক কাজ: গবেষণার পর্যবেক্ষণে ওই দুই বছরে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইতিবাচক দিকও তুলে ধরা হয়। এগুলো হলো: সশস্ত্র বাহিনীর সদস্যদের মাধ্যমে ‘ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি’র সার্বিক তত্ত্বাবধানে সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা এবং তাদের বেসামরিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। মাত্র ১১ মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ ভোটার তালিকা প্রকল্প বাস্তবায়ন করা, সেবামূলক প্রতিষ্ঠানে সংস্কার ও সেবাকাজে গতিশীলতা বৃদ্ধি করা, চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কনটেইনার জট হ্রাস করা, বকেয়া গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন বিল আদায়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নির্বাচন অনুষ্ঠান এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ভূমিকা রাখা উল্লেখ্যযোগ্য।সুপারিশমালা: প্রতিবেদনে বলা হয়, এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্থিতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক সংঘাত এড়িয়ে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে। বেসামরিক কাজে সামরিক বাহিনীর ব্যবহার সীমিত করতে হবে। এ ধরনের ক্ষেত্রে দায় মুক্তির সুযোগ আইনত নিষিদ্ধ করতে হবে।