সেনাবাহিনীর এজি ও নবম ডিভিশনের জিওসি পদে বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দুটি পদে রদবদল করা হয়েছে। সাভারে অবস্থিত নবম পদাতিক ডিভিশনের বর্তমান জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল আশরাফ আব্দুল্লাহ ইউসুফ শিকদারকে সেনাসদরে অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ নবম ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বান্দরবানের ব্রিগেড কমান্ডার কে এম মমিনুর রহমানকে। তাঁকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়।গতকাল বুধবার সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এর আগের অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) আবু বেলাল মো. শফিউল হককে কুমিল্লার জিওসি হিসেবে বদলি করার পর থেকে পদটি খালি ছিল। কুমিল্লার সাবেক জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামানকে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনার পর সেনাসদরের লজিস্টিক এরিয়ায় (লগ এরিয়ায়) সংযুক্ত করা হয়। এর পরপরই মেজর জেনারেল শফিউল হককে কুমিল্লার জিওসি হিসেবে বদলি করা হয়। একই ঘটনায় নবম পদাতিক ডিভিশনের ৭১ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তারিকুল আলমও সেনাসদরের লগ এরিয়ায় সংযুক্ত আছেন।