সেনাবাহিনীর গোলার স্প্লিনটারে কিশোর নিহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সেনাবাহিনীর ফায়ার সেন্টারের (প্রশিক্ষণকেন্দ্র) কামানের গোলার স্প্লিনটারবিদ্ধ হয়ে মো. রকি (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। মির্জাপুর চারিয়া গ্রামের পশ্চিমে পাহাড়ি বাইন্যা বিল এলাকায় আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।চারিয়া কাজীপাড়ার পশ্চিম সন্দ্বীপপাড়ায় ওই কিশোরের বাসা।স্থানীয় সূত্রে জানা গেছে, চারিয়া থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে পাহাড়ি হিন্দুমারা এলাকার খামারবাড়িতে তার বাবা মো. বেলালকে গরুচরানো ও গৃহস্থালির কাজে সহযোগিতা করত কিশোর রকি।আজ দুপুর সাড়ে ১২টার দিকে খামারবাড়ি থেকে বাজার করার উদ্দেশে চারিয়া যাচ্ছিল রকি। পথে বাইন্যা বিল এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণকেন্দ্রের কামানের গোলার স্প্লিনটার রকির পেটে ও হাতে বিদ্ধ হয়। এতে রকির পেটের ভূরি বের হয়ে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।স্থানীয় ইউনিয়নের পরিষদ সদস্য গাজী মো. আলী হাসান প্রথম আলোকে বলেন, সেনাবাহিনীর গোলার স্প্লিনটার কিশোর রকির পেটে ও বাঁ হাতে বিদ্ধ হয়।খবর পেয়ে গ্রামবাসী গুলিবিদ্ধ কিশোর রকির লাশ উদ্ধার করে চারিয়া কাজীপাড়া এলাকায় নিয়ে আসে। বিকেল চারটার দিকে হাটহাজারী থানা পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি ঘটনাস্থলে আসে।ঘটনাস্থল থেকে মুঠোফোনে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।