সেনাবাহিনীর নতুন কমিশনপ্রাপ্তদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর নতুন কমিশনপ্রাপ্তদের প্রতি স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ সামরিক একাডেমিতে সেনাবাহিনীর ৬৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের জেন্টেলম্যান ও জেন্টেলউইম্যানদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই হবে তাঁদের প্রথম ও প্রধান ব্রত। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে। এর সঙ্গে তালমিলিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমির নতুন পাঠ্যসূচিতে ‘ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি—আইসিটি’ নামে একটি নতুন বিষয় অন্তর্ভুক্তও করা হয়েছে। সরকার সেনা সদস্যদের আবাসন সমস্যার সমাধানসহ সশস্ত্রবাহিনীর সদস্যদের রেশন ও বেতনকাঠামোতে সমতা এনেছে। এ ছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের পারিবারিক অবসর-ভাতাও দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক ও উন্নত বিশ্বের সঙ্গে তালমিলিয়ে একটি যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়নের জন্য গত বছর বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৩ সালের জুন মাসের মধ্যে এ কমপ্লেক্সটির নির্মাণকাজ সম্পন্ন হবে। প্রায় ২৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এ কমপ্লেক্সটির ১০ তলাবিশিষ্ট টুইন টাওয়ারে ক্যাডেটদের ইনডোর প্রশিক্ষণের জন্যও সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।এ ছাড়া নতুন কমিশনপ্রাপ্তদের প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যত্ নেতৃত্বদানের গুণাবলী ও কৌশল আয়ত্তে আনারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টে অভিবাদন গ্রহণ শেষে কৃতী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এ সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক সিদ্দিকী, সাংসদ, কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। —বাসস।