সেনাবাহিনীর প্রয়োজন নেই, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশই যথেষ্ট: প্রধান নির্বাচন কমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনসহ সব বেসামরিক কাজে সুষ্ঠু নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নয়, পুলিশই যথেষ্ট। রংপুরে প্রধান নির্বাচন কমিনার এ টি এম শামসুল হুদা আরডিআরএসের এক কর্মশালায় আজ মঙ্গলবার সকালে এ কথা বলেন। আরডিআরএসের বেগম রোকেয়া মিলনায়তনে ‘সাপোর্ট টু দ্য ইলেকটোরাল প্রসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে নির্বাচন কমিশন সচিবালয় ‘নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে। কর্মশালার প্রধান অতিথির ভাষণে ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরে শামসুল হুদা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর নির্বাচন কাঠামো গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা, আচরণবিধি, ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনী ফলাফল পাঠানোর প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে, এমন ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।জেলাপ্রশাসক বিএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের উপনির্বাচন কমিশনার সুভাষ চন্দ্র, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম। কর্মশালায় নির্বাচনী পর্যবেক্ষক ও কর্মকতা এবং পুলিশ, আনসার, বিডিআরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।