সেনাবাহিনীর বাইরের দোষীদেরও সাজা হবে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে সেনাবাহিনীর বাইরে কারা জড়িত ছিল সে বিষয়েও তদন্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘সেনাবাহিনীর বাইরে কারা ওই অভ্যুত্থানে জড়িত, সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে। কোনো রাজনৈতিক দল বা কাদের মদদে বা উসকানিতে এই ঘটনা ঘটল, তা খুঁজে বের করা হবে।’জাতীয় জাদুঘর মিলনায়তনে আজ শনিবার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।মাহবুব উল আলম হানিফ বলেন, অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত সেনা কর্মকর্তাদের সেনা আদালতে বিচার হবে। তিনি মন্তব্য করেন, ‘আমাদের কাছে খবর এসেছে, দেশের বাইরে বা লন্ডন থেকে কলকাঠি নাড়া হয়েছে। বাইরে থেকে অর্থের জোগান দেওয়া হয়েছে।’ এ ছাড়া ভবিষ্যতে কেউ যাতে সেনাবাহিনীর মাধ্যমে সরকার উত্খাতের চেষ্টা করতে না পারে, সে জন্য তদন্তে প্রমাণিত দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান হানিফ।অভিযোগের তীর বিএনপির দিকে ছুড়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, খালেদা জিয়া গত দুই বছর অনেক চেষ্টা করলেন। সব ধরনের চেষ্টা শেষে এবার ষড়যন্ত্র শুরু করেছেন। এ বিষয়ে হানিফ বলেন, ‘গত তিন-চার মাসের ঘটনা লক্ষ করলে দেখবেন, বিএনপি ও তাদের শরিকরা বলে আসছিলেন, ডিসেম্বরের মধ্যেই এ সরকারের পতন ঘটবে। আমরা জানি, দেশে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর। তিন বছরের মাথায় সরকার পতনের কোনো গণতান্ত্রিক পথ নাই। তাহলে দুই বছর আগেই কীভাবে পতন হবে?’বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখ করে এই আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এরপর আমরা ১৯ সেপ্টেম্বর রাজধানীতে জামায়াতের তাণ্ডব দেখলাম, ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশের তাণ্ডবও দেখলাম। সর্বশেষ তাদের অনুগত সামরিক বাহিনীর সদস্যদের দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তাদের ধারণা ছিল, রাজপথে নৈরাজ্যের পাশাপাশি অনুগত সামরিক সদস্যদের দিয়ে সরকারের পতন ঘটাবে। এটা জাতির কাছে এখন পরিষ্কার।’ তিনি করেন, ব্যর্থ অভ্যুত্থান পরিকল্পনার পর বিএনপি নেতাদের বক্তব্য ও খালেদা জিয়ার বক্তব্য ছিল একই সূত্রে গাঁথা।সংগঠনের সভাপতি দীপক কুমার দাসের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিমসহ প্রমুখ আলোচনায় অংশ নেন।