সেনাবাহিনীর বৃক্ষরোপণ কার্যক্রম সফল করতে ব্যাপক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানকে সফল ও সেনাবাহিনীর সদস্যদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক কর্মসূচি নিয়েছে।সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন আজ রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ-সংলগ্ন মাঠে একটি গাছের চারা রোপণ করে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।আইএসপিআরের এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।পরে সেনাপ্রধান কর্মসূচির সাফল্য কামনা করে উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মোনাজাতে অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া ও সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মইনুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গাছের চারা রোপণ করে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে অংশ নেন। চলতি বছরের বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সেনাবাহিনী সারা দেশের সেনাস্থাপনাগুলোতে প্রচুরসংখ্যক চারা রোপণের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ঢাকা শহরের বিভিন্ন সেনাস্থাপনা ও সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর ইউনিটগুলো বনজ, ফলদ ও ওষুধি গাছের প্রায় আট হাজার ৪৭১টি চারা রোপণ করবে।উল্লেখ্য, জাতীয় বৃক্ষরোপণ আন্দোলনের অন্যতম পথিকৃত্ বাংলাদেশ সেনাবাহিনী সফলতার সঙ্গে বৃক্ষরোপণ এবং এর পরিচর্যা ও সংরক্ষণ করে আসছে। এরই মধ্যে ঢাকা সেনানিবাসসহ সেনাবাহিনীর প্রতিটি স্থাপনায় বৃক্ষরাজির সবুজ সমারোহ দেশবাসী ও পরিবেশবিদদের প্রশংসা অর্জন করেছে। দেশব্যাপী বৃক্ষরোপণ এবং পরিচর্যার মাধ্যমে বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও সংরক্ষণে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অবদান রেখে চলেছে। বাসস।