সেনার গুলিতে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টহলরত সেনাসদস্যদের ভুল করে ছোড়া গুলিতে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ উলেদ আবদেল আজিজ (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর হাতে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে রাজধানী নৌয়াকচটের সামরিক হাসপাতালে চিকিত্সাধীন আছেন। আজ রোববার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।দেশটির যোগাযোগমন্ত্রী হামদি উলেদ মাহজুব রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, প্রেসিডেন্ট রাজধানী নৌয়াকচটে ফেরার পথে টহলরত সেনাদল ভুল করে তাঁর গাড়িবহরে গুলি চালায়। প্রেসিডেন্টের হাতে গুলি লাগে। এরপর দ্রুতই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে মন্ত্রী জানান। প্রেসিডেন্ট যে হাসপাতালে চিকিত্সাধীন সেটি নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছেন। প্রেসিডেন্ট আবদেল আজিজ ২০০৮ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এক বছর পর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হন।