বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনীর একটি অংশ ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। তিনি বলেছেন, ওই সময় সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে দেশের ধনী ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ‘ব্ল্যাকমেল’ করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনের ওপর মন্তব্য করতে গিয়ে মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি টিআইবির প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে বলেন, এই প্রতিবেদন সময়োপযোগী। এটা ভবিষ্যতে অরাজনৈতিক শক্তির ক্ষমতা দখলকে রুখতে সহায়তা করবে, তাদের ক্ষমতায় আনার পথ তৈরি করতে রাজনীতিবিদদেরও নিরুৎসাহিত করবে। প্রতিবেদনের পর এটা আরও কঠিনভাবে প্রমাণিত হলো যে সেনাশাসন জনগণের ও দেশের মঙ্গলের জন্য সঠিক পন্থা নয়। সাবেক আইনমন্ত্রী বলেন, টিআইবি একটি ভালো কাজ করেছে। এটা সাধারণ মানুষকে বোঝাতে সহায়তা করবে যে সেনাবাহিনী ক্ষমতায় আসা মানে দেশের উন্নয়ন নয়। কিছু অবকাঠামোগত উন্নয়ন হয়তো তারা করে। কিন্তু তাদের সময় সমাজব্যবস্থা, মানব উন্নয়ন হয় না। দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়। মওদুদ মনে করেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব সেনা কর্মকর্তা অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।বিএনপির এই নেতা বলেন, ‘বিশ্বের ৬৬টি দেশের সামরিক শাসন আমলের কথা জানি। এর মধ্যে শুধু উত্তর কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় উন্নয়নের কথা শোনা যায়। তবে সেখানেও কোনো মানবিক উন্নয়ন হয়নি। বিগত তত্ত্বাবধায়ক আমলে সেনাবাহিনীর কিছু সদস্য টাস্কফোর্সের মাধ্যমে ব্যাপক অনিয়ম করেছেন। সেনাবাহিনীর দুর্নীতি নিচু পর্যায়েও চলে গিয়েছিল।’মওদুদ আহমদ বলেন, সেনাবাহিনী গণমাধ্যমের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছিল। এটা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। মানুষের মত প্রকাশের অধিকার তারা হরণ করেছে। ওই দুই বছরে তারা সংবিধান বা দেশের আইনের কোনো তোয়াক্কা করেনি। অস্ত্রের জোরে মানুষকে শাসন-শোষণ করেছে। তিনি বলেন, রাজনীতিবিদদের জন্য বিগত তত্ত্বাবধায়ক সরকার একটা শিক্ষার মতো। রাজনৈতিক দলের সংঘাত ও হানাহানির কারণে এ ধরনের সরকার আসার সুযোগ পেয়েছিল বলে সাধারণ মানুষ ও বোদ্ধারা মনে করেন। এই শিক্ষা কাজে লাগানো উচিত। এখন রাজনীতিবিদদের এমনভাবে কাজ করতে হবে, যেন ওই ধরনের কোনো সরকার কখনো রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে।