বাংলাদেশের অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়ে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, বিভিন্ন সময়ে বাংলাদেশের শাসন ক্ষমতায় সামরিক শাসকেরা থাকায় দেশটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। গতকাল মঙ্গলবার জার্মানির বার্লিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে মেরকেল এ কথা বলেন। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। খবর বাসস ও ইউএনবির।জার্মান চ্যান্সেলরের কার্যালয়ে ওই বৈঠক শেষে যৌথ সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মেরকেল বিশ্বব্যাপী অর্থনৈতিক দুরবস্থা সত্ত্বেও অর্থনীতি সামাল দিতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন-সহযোগিতা খুবই ভালো। আমাদের অর্থনৈতিক বন্ধন কীভাবে আরও দৃঢ় করা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা করেছি।’ শেখ হাসিনা বলেন, তাঁদের ঘণ্টাব্যাপী বৈঠকে খোলামেলা, ফলপ্রসূ ও গভীর আলোচনা হয়েছে। জার্মানিকে পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তিনি বলেন, দেশটি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে প্রত্যক্ষভাবে সহায়তা করেছে এবং তখন থেকেই তাদের সহায়তা অব্যাহত রয়েছে।এদিকে প্রধানমন্ত্রী পাঁচ দিনের সফর শেষে গতকালই স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে টেগেল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী দুবাইয়ে দেড় ঘণ্টা যাত্রাবিরতি করবেন। আজ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা কামনা: এর আগে গতকাল জার্মানির পরিবেশমন্ত্রী নরবার্ট রোট্টজেন বার্লিনের হোটেল এডলন কেমপিনস্কির মিটিং লাউঞ্জে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন ও প্রশমন কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দিতে জার্মানির প্রতি আহ্বান জানান।দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী ড্রিক নেইবেলও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সড়ক নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন খাতে জার্মানির আরও সহায়তা কামনা করেন।গণতন্ত্রের জন্য নারীর অংশগ্রহণ অপরিহার্য: সোমবার রাতে রিজেন্ট হোটেলে জার্মান-সাউথ এশিয়া পার্লামেন্টারি গ্রুপ (জিএসএপিজি) আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ও টেকসই গণতন্ত্রের জন্য নারীর ক্ষমতায়ন অপরিহার্য। তাঁর সরকার জাতীয় জীবনের সব ক্ষেত্রে বিশেষ করে, রাজনীতিতে নারীর অংশগ্রহণকে উৎসাহিত করছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।পরিবেশবান্ধব প্রযুক্তি স্থানান্তর করুন: বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) একটি প্রতিনিধিদল গত সোমবার সন্ধ্যায় বার্লিনের এডলন কেমপিনস্কি হোটেল লাউঞ্জে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জার্মানির উচ্চমানের পরিবেশবান্ধব প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। বিজিসিসিআইর সভাপতি মো. সাইফুল ইসলাম ১৭ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।শেখ হাসিনার প্রশংসায় জার্মান পার্লামেন্ট প্রেসিডেন্ট: জার্মান পার্লামেন্ট বুদেসটাগ প্রেসিডেন্ট নর্বাট লেমার্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে নানা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। সোমবার রাতে শেখ হাসিনা জার্মান পার্লামেন্টে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশংসা করেন।