সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য
সেন্ট মার্টিন রুটে ছয় জাহাজ, দুটির সারা বছর চলার অনুমতি নেই
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ রুটে চলাচলকারী ছয়টি জাহাজের দুটিরই সারা বছর সমুদ্রে চলাচলের অনুমতি নেই। অতিরিক্ত যাত্রী বহন করলেও সব জাহাজে নেই জীবন রক্ষাকারী সরঞ্জাম। এ ছাড়া দ্বীপের পরিবেশ নানা কারণে দিন দিন বিপন্ন হচ্ছে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. জাহিদ হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌ-নিরাপত্তার বিশেষ কর্মকর্তা মো. তবিবুর রহমান সম্প্রতি ওই দ্বীপ ঘুরে প্রতিবেদনটি তৈরি করেন। প্রতিবেদনটি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পেশ করা হয়েছে। মুখ্য পরিদর্শক মো. জাহিদ প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত যাত্রী নিয়ে জাহাজ চলাচলের জন্য যাত্রীদের ঝুঁকি থাকছে বেশি। সব মিলিয়ে প্রতিদিন ওই দ্বীপে ৫০০ জনের বেশি মানুষকে যাতায়াত না করার জন্য সুপারিশ করেছি আমরা।’ প্রতিবেদনের বিষয়ে যোগাযোগ করা হলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল (অব.) বজলুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপগামী জাহাজগুলোতে অতিরিক্ত যাত্রী বহন না করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার বিষয়টি আমরা আগেও উপলব্ধি করেছি। এই দ্বীপের পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। প্রতিবেদনটি মন্ত্রণালয় তথা সরকারের কাছে পেশ করা হবে। পরিবেশ অধিদপ্তরের সেন্ট মার্টিনবিষয়ক সেলেও এটি পাঠানো হবে। দুটির সারা বছর চলাচলের অনুমতি নেই: প্রতিবেদনে বলা হয়েছে, টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ছয়টি জাহাজ চলাচল করে। এর মধ্যে এলসিটি কুতুবদিয়া, এলসিটি কাজল, কেয়ারি সিন্দবাদ ও সিটি খিজির-৮ নামের জাহাজ দি মার্চেন্ট শিপিং অর্ডিনেন্স, ১৯৮৩ (এমএসও)-এর আওতায় নিবন্ধিত ও অধ্যাদেশের ২৪৭ ধারা অনুযায়ী সারা বছর সমুদ্রযাত্রার জন্য অনুমতিপ্রাপ্ত। অপর দুটি এমভি সোনারগাঁও ও এমভি ঈগল-১ অভ্যন্তরীণ নৌ-অধ্যাদেশ ১৯৭৬-এর (আইএসও) আওতায় নিবন্ধিত এবং আইএসওর ৫৪ক ধারা অনুযায়ী এ দুটি সমুদ্র পরিবহন অধিদপ্তর কর্তৃক কেবল শান্ত মৌসুমে উপকূল অতিক্রমের (বে ক্রসিং) জন্য অনুমতিপ্রাপ্ত। এই ছয় জাহাজের সর্বমোট যাত্রী ধারণক্ষমতা দুই হাজার ২৭৩ জন। ধারণা করা হয়, শীত মৌসুমে প্রতিদিন গড়ে আড়াই হাজার ও অন্য মৌসুমে প্রতিদিন এক থেকে দেড় হাজার পর্যটক দ্বীপে যায়। অতিরিক্ত যাত্রী বহন করায় কোনো কোনো জাহাজকে জরিমানাও করা হয়েছে।এমভি সোনারগাঁওয়ের নির্বাহী কর্মকর্তা মো. ফেরদৌস বলেন, সারা বছর চলাচলের অনুমতি না থাকলেও চলাচলকারী জাহাজগুলোর মধ্যে সোনারগাঁওই বেশি উপযুক্ত। বাকিগুলো যাত্রী নেয় বেশি। প্রতিবেদনে বলা হয়, জাহাজগুলোর জীবন রক্ষাকারী সরঞ্জামের অবস্থান ও অবস্থা আন্তর্জাতিক মানের নয়। ‘কুতুবদিয়া’য় থাকা লাইফ জ্যাকেটগুলো পুরোনো। ‘সোনারগাঁও’য়ের অগ্নিনির্বাপণ যন্ত্র ও লাইফ জ্যাকেট স্টোররুমে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মো. ফেরদৌস কোনো মন্তব্য করেননি।প্রতিবেদনে আরও বলা হয়, ছয়টি জাহাজের কোনোটিরই নকশা জাহাজে সংরক্ষিত নেই। তাই নকশার সঙ্গে বাস্তব নির্মাণ মিলিয়ে দেখা যায় না। সোনারগাঁওয়ের নকশা অনুমোদনের জন্য কর্তৃপক্ষের কাছে জমা আছে। জেটিতে ওঠায় ঝুঁকি: টেকনাফে জাহাজ রাখা এবং যাত্রীদের ওঠা-নামার ব্যবস্থা মোটামুটি ভালো হলেও সেন্ট মার্টিনে একটি জেটিতে যাত্রী ওঠা-নামা হয়। জাহাজ থেকে জেটিতে নামার কাজে সিঁড়ি হিসেবে ব্যবহূত কাঠের পাটাতনে রেলিংও নেই; যা যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ ও সময় বিনষ্টকারী। পরিবেশ সংরক্ষণে সুপারিশ: প্রতিবেদনে বলা হয়, ওই দ্বীপে প্রায় ১০০ ট্রলার, ১০টি স্পিডবোট, ৪৫টি মোটরসাইকেল ও একটি বিচ বাইক চলাচল করে। স্পিডবোট, মোটরসাইকেলের ইঞ্জিন ও হর্নের শব্দ দ্বীপের জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। প্রতিবেদনে শুধু চিকিত্সার প্রয়োজনে দ্বীপের ১০ শয্যার হাসপাতালের জন্য ব্যবহার-উপযোগী দুটি বাহন রেখে বাকি সব মোটরসাইকেল ও স্পিডবোট সরিয়ে ফেলার সুপারিশ করা হয়। এ ছাড়া দ্বীপে ৩০টি খাবার হোটেল, ৬০টি আবাসিক হোটেল (মোট ৯৬০টি শয্যা) এবং প্রায় ৫০টি জেনারেটর আছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী সেন্ট মার্টিনকে প্রতিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ১৯৯৯ সালের এ ঘোষণায় ওই দ্বীপে প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ধ্বংসকারী সব ধরনের কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, দ্বীপে পরিবেশবান্ধব পয়োনিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা নেই। কারেন্ট ও সূক্ষ্ম জাল দিয়ে মাছ ধরায় ছোট জলজপ্রাণী ধ্বংস হয়। প্রতিবেদনের সুপারিশে দ্বীপে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে জনসমাগম নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। রাত্রিকালীন নৈঃশব্দ প্রাণীবৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ হওয়ায় পর্যটকদের দ্বীপে রাত কাটানোর ব্যাপারে নিরুত্সাহিত করতে উচ্চগতিসম্পন্ন জাহাজের (ক্যাটাম্যারান বা হোভারক্রাফট) ব্যবস্থা করাসহ বেশ কিছু সুপারিশ করা হয়। প্রতিবেদনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা কাউন্সিল গঠন করে এর আওতায় সুন্দরবন ও সেন্ট মার্টিন সাব-কাউন্সিল গঠন করা এবং একে কার্যকর রাখা, দ্বীপের ভ্রমণ কর ও রাত্রিযাপন করের পুরো টাকা শুধু পরিবেশ সংরক্ষণের কাজে খরচ করা, ‘দ্বীপবাসীর করণীয়’ নির্ধারণপূর্বক এর জন্য নিয়মিত কর্মসূচি চালু রাখাসহ বিভিন্ন সুপারিশ করা হয়।