সেন্ট মার্টিনে প্রশান্ত শৈলবগা
অতি বিরল দুই অতিথির আগমনে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ এখন আমাদের গন্তব্যের তালিকার শীর্ষে উঠে গেছে। গত ৩০ বছরে তিনবারের বেশি দেখা যায়নি বলে এই বিরল অতিথি বাংলাদেশে ভিআইপির মর্যাদায় প্রতিষ্ঠিত রয়েছে। অতিথির নাম প্রশান্ত শৈলবগা, আমাদের দেশে শীতের অনিয়মিত আগন্তুক।সেন্ট মার্টিন দ্বীপে পাখিটিকে গত বছরই প্রথম দেখা যায়। এবার এখানে দুটি পাখির আগমন ঘটেছে। বাংলাদেশে এই প্রথম একসঙ্গে দুটি শৈলবগার দেখা মিলল। দ্বীপের দক্ষিণ প্রান্তে পাথরের সারিতে দাঁড়িয়ে এরা মাছ শিকার করছিল। পাথুরে সৈকতে শত্রুর চোখ এড়িয়ে চলার জন্য এরা কালচে পালকের পোশাক পরে এসেছে। গ্রীষ্মে এদের যে ধবধবে সাদা পালক থাকে, তা নিয়ে শীতের সফরে আসতে এরা নারাজ। এ দেশে স্থায়ী বসবাসকারী বগাদের সঙ্গে আকারে-প্রকারে প্রশান্ত শৈলবগার অনেক মিল আছে। অমিলের মধ্যে এই, এর পা আর গলা মামুলি বগার চেয়ে মোটা ও খাটো। তা ছাড়া এর দুটো বর্ণ-পর্ব রয়েছে। এক পর্বে এর পালক সাদা, অন্য পর্বে কালচে। এর ইংরেজি নাম ‘প্যাসিফিক রিফ ইগরেট’, আর বৈজ্ঞানিক নাম ‘আর্ডিয়া সাক্রা’, যার অর্থ ‘পবিত্র বগা’। পবিত্র হোক কি না হোক, বাংলাদেশের বিরলতম বগা হিসেবে এর কদর কম নয়। শুধু দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়াতেই পাখিটির দেখা মেলে। সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্তে নুড়ি ও পাথরের সৈকতে প্যারাবন টিকে আছে বলে এখনো সেখানে এর বিচরণের উপযুক্ত পরিবেশ আছে। পর্যাপ্ত আহার পেলে এবং মানুষের হাতে নাজেহাল না হলে প্রতি শীতেই হয়তো এরা এখানে থাকবে।