সেন্ট মার্টিনে সৈকত দখল করে দোকান, রমরমা ব্যবসা
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মধ্যে প্রায় সাত বর্গকিলোমিটারের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের সৈকত দখল করে দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। গত এক মাসে দ্বীপের তিনদিকে সৈকতের সরকারি জমি দখল করে অন্তত ৪০টি অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা জমিয়েছেন ব্যবসায়ীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতা সৈকত দখলে ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ রয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো তত্পরতা নেই।দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষার স্বার্থে এই দ্বীপে সব ধরনের স্থাপনা ও অবকাঠামো নির্মাণ, সৈকত দখল, জমির পরিবর্তন ও বেচাকেনা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে।সম্প্রতি ওই দ্বীপে গিয়ে দেখা গেছে, দ্বীপের পশ্চিম পাশে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাংলোবাড়ি ‘সমুদ্রবিলাস’ ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ‘হোটেল অবকাশ’সংলগ্ন সৈকতের বিশাল বালুরচর দখল করে ১৭টি দোকান নির্মাণ করা হয়েছে। এসব দোকানে চুটিয়ে ব্যবসা করছেন কিছু ব্যবসায়ী। বেশির ভাগ দোকানে স্থানীয়ভাবে উত্পাদিত শুঁটকি মাছ ও মিয়ানমার থেকে চোরাই পথে আনা বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে। শত শত পর্যটক দোকানের সামনে ভিড় করে এসব পণ্য কিনছে।অনুসন্ধানে জানা গেছে, স্থানীয় আবদুর রহমান, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আলী, মো. সব্বির, আবু বক্কর ছিদ্দিক, শফিকুল ইসলাম, আবু শাহেদ, মো. আবদুল্লাহ, নুরুল আমিন, মো. হাশিম, মো. ছিদ্দিক, মো. উসমান, মো. হারুন, রুহুল আমিন, জিয়াউল হক, আবদুল হাফেজ ও বদি আলম এসব দোকানের মালিক।হোটেল অবকাশের সামনে সৈকত দখল করে আরও ১৪টি দোকান তৈরি হয়েছে। স্থানীয় আবুল হাশিম, মো. খোকন, মো. সেলিম, মো. আয়ুব, আনজুল হোসেন, মো. ফারুক, মুফিজ আলম, মো. আক্কাস, আবদুর রশিদ, নুর হোসেন, আবদুর রসিদ, মো. জেবাইর, মো. তৈয়ুব ও মো. রফিক এসব দোকানের মালিক। সৈকতের জায়গা দখল করে দোকান নির্মাণকারী ব্যবসায়ীরা সম্প্রতি গঠন করে ‘সেন্ট মার্টিন দ্বীপ ব্যবসায়ী মালিক সমিতি’।সৈকতের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে সমিতির সভাপতি আবদুর রহমান বলেন, ‘দ্বীপের চারদিকে বিশাল বালুরচর পড়ে রয়েছে। আমরা কিছু ব্যবসায়ী মিলে অল্প একটু জমিতে দোকানপাট নির্মাণ করে দু-পয়সা আয় করছি। এতে দোষের কিছুই দেখছি না। দোকানপাট তৈরি হওয়ায় হাজার হাজার পর্যটক সস্তায় শুঁটকিসহ প্রয়োজনীয় কাপড়চোপড় কিনতে পারছেন।’সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘সরকারি সৈকত বলেই তো আমরা দখল করে দোকানপাট তৈরি করেছি। ব্যক্তিমালিকানাধীন জমি হলে তা সম্ভব হতো না। দোকানপাট নির্মাণের ব্যাপারে এ পর্যন্ত আমাদের কেউ বাধা দেয়নি বা নিষেধ করেনি। প্রতিদিন সৈকতে দু-তিনটি করে দোকানসহ নানা স্থাপনা তৈরি হচ্ছে।’নাম না প্রকাশ করার শর্তে একাধিক দোকান মালিক জানান, সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য নূর আহমদের নেতৃত্বে স্থানীয় ভূমি কার্যালয়ের কতিপয় কর্মচারী প্রত্যেক দখলদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন।অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা নূর আহমদ বলেন, এলাকার কিছু গরিব মানুষ আয়ের জন্য সৈকতের জমিতে দোকানপাট তৈরি করেন। এতে তাঁর কোনো হাত নেই।সৈকতের জমি দখল করে খাবার হোটেল তৈরি করে ব্যবসা চালাচ্ছেন কুষ্টিয়ার কোটপাড়ার হাফিজ রানা কাফি। মুঠোফোনে যোগাযোগ করা হলে কাফি জানান, ২০০৪ সালে স্থানীয় দুই ব্যক্তির থেকে জমিটি তিনি কেনেন। এখনো জমির নামজারি হয়নি। জমি কেনার সময় এক পাশে কেয়াবন ও জঙ্গল ছিল। তা কেটে তিনি হোটেলটি তৈরি করেন।দ্বীপের একমাত্র জেটির উত্তর পাশে সৈকত দখল করে সম্প্রতি একটি বসতবাড়ি তৈরি করেন স্থানীয় জেলে বশির আহমদ। তিনি বলেন, ‘গরিব মানুষ, যাব কোথায়? কিছুদিন আগে নিজের বসতভিটা ঢাকার একজনের কাছে বিক্রি করে দিয়েছি। মাথা গোঁজার জন্য এখানে ঘর তুলেছি।’দেখা গেছে, দীপের চারদিকে ছোট ছোট ঝুপড়ি ঘর তুলে সৈকত ও বালিয়াড়ি দখলের প্রতিযোগিতা চলছে। সিলেটের মাজার গেট এলাকা থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী গোলাম পাটোয়ারী বলেন, ‘দুই বছর আগে এখানে এসে বিশাল সৈকতে রাজকাঁকড়ার দৌড়াদৌড়ি, শত শত পাখির বিচরণ ও কচ্ছপের ডিম পাড়ার দৃশ্য দেখেছি। এখন এসব কিছুই নেই। পুরো সৈকতজুড়েই দেখছি অবৈধ দোকানপাটসহ নানা স্থাপনা।’পরিবেশ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন গড়ে সাত হাজারের মতো পর্যটক আসে। তাদের যাতায়াতে টেকনাফ থেকে ছয়টি বড় জাহাজ ও ৩০টির বেশি ট্রলার আসে। এসব পর্যটকের আগমনকে পুঁজি করে কতিপয় ব্যক্তি দ্বীপের সৈকত ও বালিয়াড়ি দখলের মহোত্সবে নেমেছে। তিনি জানান, দেশের ১২টি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার একটি হচ্ছে সেন্ট মার্টিন। দ্বীপটিতে পাঁচ প্রজাতির কচ্ছপ, নানা প্রজাতির প্রবাল রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী, দ্বীপে শামুক-ঝিনুক, প্রবাল শৈবাল আহরণ, মাটির পরিবর্তন, সব ধরনের অবকাঠামো নির্মাণ, সৈকত দখল ও জমির বেচাকেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ খান সৈকত দখল করে অবৈধ স্থাপনা তৈরির সত্যতা নিশ্চিত করে জানান, এসব উচ্ছেদের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একাধিকবার বলা হয়েছে; কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না।স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আমিনুল হক বলেন, কেউ লিখিত অভিযোগ করছে না বলে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যাচ্ছে না।টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন জানান, সৈকতের জমিতে স্থাপনা নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সৈকত ও পার্শ্ববর্তী বালিয়াড়ি জমির মালিক সরকার। তা ছাড়া এসব জমিতে দোকানপাট নির্মাণের জন্য কাউকে অনুমতিও দেওয়া হয়নি। শিগগিরই অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হবে।