সেন্ট মার্টিনের অদূরে ট্রলার ডুবে ১২২ জন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে গত সোমবার রাতে একটি কাঠের ট্রলারডুবির ঘটনায় ১২২ জন নিখোঁজ রয়েছেন। একটি মাছ ধরার ট্রলার সাগর থেকে ভাসমান অবস্থায় ছয়জনকে উদ্ধার করে গতকাল মঙ্গলবার বিকেলে টেকনাফে নিয়ে আসে।ট্রলারটি ১২৮ জনকে নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় যাচ্ছিল। গতকাল গভীর সাগরে অসংখ্য লাশ ভাসতে দেখেছেন মাছ ধরতে যাওয়া ট্রলারের জেলেরা। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ গতকাল বলেন, ‘গভীর বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির খবর পেয়েছি। কিন্তু সাগরে নেমে এ ঘটনার অনুসন্ধান করা পুলিশের পক্ষে সম্ভব নয়। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কেউ অভিযোগও করেননি।’সাগর থেকে উদ্ধার পাওয়া ছয় যাত্রীর মধ্যে রয়েছেন: টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেইলপাড়ার বাসিন্দা হোছন আহমদের ছেলে আবু বক্কর (২৭), শাহপরীর দ্বীপ কোনারপাড়ার নুরুল ইসলাম ফকিরের ছেলে ছৈয়দ হোসেন (২২) ও ডাঙ্গারপাড়ার কালা মিয়া ফকিরের ছেলে নুর হোসেন (২৫)।ছৈয়দ হোসেন ও নুর হোসেন জানান, কোরবানির ঈদের দিন শনিবার গভীর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া ঘাট ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে সংগ্রহ করা ১২৮ ব্যক্তিকে ছোট্ট একটি কাঠের ট্রলারে তোলা হয়। পরদিন রোববার রাতে ট্রলারটি সাবরাং এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি সাগরে উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল। এতে যাত্রীরা হইচই শুরু করলে ট্রলারটি যাত্রাবিরতি করে। সোমবার রাতে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বাইশ বাইন নামক স্থান থেকে আবার যাত্রা শুরু করে। ঘণ্টা খানেক ট্রলারটি ছুটে চলার ফাঁকে ডুবন্ত পাথরের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রলারটির তলা ফুটো হলে কিছুদূর যাওয়ার পর পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ট্রলারটি ডুবে যেতে থাকে। নুর হোসেন জানান, মঙ্গলবার ভোররাতের দিকে একটি মাছ ধরার ট্রলার তাঁদের তিনজনসহ ছয়জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে টেকনাফে নিয়ে আসে। একটি তেলের গ্যালন ধরে তাঁরা ছয়জন সাগরে কয়েক ঘণ্টা ভাসতে থাকেন। এ সময় তাঁরা ভাসমান অবস্থায় ৩০-৪০ জনের লাশ সাগরে ভাসতে দেখেছেন। ট্রলারের যাত্রীদের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। অন্যরা টেকনাফ, কক্সবাজার ও মহেশখালী উপজেলার বাসিন্দা।জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারটিতে যাত্রীদের সংগ্রহ করে দিয়েছেন শাহপরীর দ্বীপের বাসিন্দা আবদুস শুক্কুর, ধলু হোসেন, ছৈয়দ হোসেন, শরিফ হোসেন, জাহাঙ্গীর, নজির আহমদসহ অন্তত ২০ জন। দালালেরা জনপ্রতি যাত্রী থেকে হাতিয়ে নেয় ৩০ থেকে ৪০ হাজার টাকা।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, দালাল চক্রের বিরুদ্ধে এই থানায় একাধিক মামলা রয়েছে। দালালদের ধরার চেষ্টা চলছে।