সেন্ট যোসেফ স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক নগরে সবার ইচ্ছা এমন একটি বাড়ি, যেখানে পানি, বিদ্যুৎ সব থাকবে নাগালের মধ্যে। সেই সঙ্গে পানিদূষণ, বায়ুদূষণ, ময়লা বর্জ্য ইত্যাদি রোধ হবে আপনাআপনি। ভাবছেন, সে তো স্বপ্নে সম্ভব? এমনি এক বাড়ির প্রকল্প তৈরি করেছে সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র লাবীব আহসান, সাদমান ফারুক ও সাগীর রহমান। এর মডেল তারা নিজ হাতে তৈরি করে সবার সামনে উপস্থাপন করে। একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তাফসীর মোর্শেদ ঘরে পড়ে থাকা বিভিন্ন যন্ত্রাংশের টুকরো জোড়া লাগিয়ে তৈরি করেছে এফএম রেডিও, যা তৈরিতে দুটি ব্যাটারি, এন্টেনা ও কিছু ছোট যন্ত্রাংশের প্রয়োজন হয়। শুধু এ দুটি প্রকল্প নয়, এমনি আরও ৪৪৫টি প্রকল্প এসে জড়ো হয়েছিল ২ থেকে ৪ মার্চ ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে। যে প্রকল্পগুলো তৈরি করেছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। ‘শান্তি আসুক শুদ্ধ বিজ্ঞানচর্চায়’ স্লোগানে স্কুলের সিন্টেলা সায়েন্স ক্লাব আয়োজন করে বার্ষিক বিজ্ঞান উৎসব ২০১১। তৃতীয় শ্রেণীর ছাত্র রাহাত আল নাহিয়ান নিয়ে এসেছে আলু থেকে বিদ্যুৎ উৎপাদনের এক অভিনব কৌশল। যেখানে সে বাংলাদেশের সহজলভ্য আলুকে কাজে লাগিয়ে পূরণ করতে চায় জনগণের অন্যতম চাহিদা বিদ্যুৎ। কথাগুলো নাহিয়ান বোঝাচ্ছিল অষ্টম শ্রেণীর ছাত্র রাহাতকে। আর রাহাত তাই অবাক হয়ে তার প্রকল্পটি নিরীক্ষা করে শিখে নেওয়ার চেষ্টা করছে। জেনে নিচ্ছে কী কী দরকার হয় এখানে। প্রথম দিন থেকেই জমে ওঠা এ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক মো. আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা অব. মেজর জেনারেল খন্দকার নুরুন্নবী, ক্লাবের চিফ মডারেটর শুভঙ্কর দত্ত প্রমুখ। সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও পেরেরা সিএসসি বলেন, ‘আমাদের ছেলেরা শুধু পড়াশোনায় ভালো নয়, ওদের মধ্যে রয়েছে চিন্তাশীল উদ্ভাবনী শক্তি, যা প্রতিবছর ওরা এই বিজ্ঞান উৎসবের সময়ে প্রকাশ করতে পারে।’আর এতে করে ছাত্রদের উদ্ভাবনী শক্তি বেড়ে যায় এবং ওরা অনেকের সামনে কথা বলার মাধ্যমে দক্ষ হয়ে ওঠে। তিন দিনের এই প্রদর্শনীতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। এবারের আয়োজনে সবচেয়ে বেশি উঠে এসেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি। প্রকল্প প্রদর্শনী ছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা। শিক্ষার্থী, দর্শনার্থী ও অভিভাবকদের পদচারণে মুখরিত এ উৎসবের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় ১৮ মার্চ। উপস্থাপিত প্রকল্পের মধ্যে ৮৬টি সেরা প্রকল্পকে পুরস্কার দেওয়া হয়।  ইমাম হাসান