সেন্টু মিয়ার চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রেম কইরা বিয়া করছিলাম। জামালপুরের মাইয়া, খুব গরিব ঘরের। মায় দুই হাত তুইলা না কইছিল। আমি হুনি নাই। বউরে ঘরে তুলি। এমতেই খুব ভালা দিন যাইবার লাগছিল। কী যে ভালোবাসতাম বউডারে! হেই বউ কিনা একদিন অন্য পোলার হাত ধইরা চইলা গেল! আমগো বিয়ার বয়স অইছিল পাঁচ বছর। একটা পোলা আছে, আপনেরও দ্যাখলে মায়া লাগব, খুব সুন্দর। আমার কথা বাদ দেন, হের তো পোলাডার কথাও ভাবন দরকার আছিল।’—বলছিলেন সেন্টু মিয়া।সেন্টু মিয়া ঢাকাইয়া। তিনি থাকেন নারিন্দায় গৌড়ীয় মঠের কাছে। এখন নিজের বাড়ি নেই। তবে একসময় ছিল। পাঁচ শরিকের বিশাল বাড়ি। বাবা-চাচারা সে বাড়ি বিক্রি করে দিয়েছেন। আবার বিক্রি করে দিয়েছেন বললে ভুল হবে। গরিব মানুষ। এলাকার কিছু প্রভাবশালী মিলে অফিসের জন্য তাঁদের বাড়ির রাস্তার পাশের দুইটা ঘর ভাড়া নিয়েছিল। অভাবের সংসার চলে না। সুতরাং, দরকার-অদরকারে সেন্টুর বাবা-চাচারা যার যার মতো ধার-দেনা শুরু করে দিল সেই ভাড়াটের কাছ থেকে। শেষমেশ দেখা গেল, সেই ধারের টাকা অনেক হয়ে গেছে। এত টাকা শোধ দেওয়া সেন্টুর বাবা-চাচাদের পক্ষে সম্ভব ছিল না। সুতরাং, শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে দেনা শোধ করতে হলো। সেন্টু মিয়া বাড়ি বিক্রির টাকা থেকে এক লাখ টাকা ভাগে পেয়েছিলেন। তাঁর সেই টাকাও থাকেনি। সব টাকা শেষ হয়েছে বউয়ের পেছনে।আগে সেন্টু মিয়ার লেদ মেশিনের কারখানা ছিল। এখন চা বিক্রি করে দিন চলে। পাঁচ-ছয় বছর হলো এভাবেই তাঁর জীবনযাপন। প্রথমে দুই হাতে দুটি ফ্লাস্ক নিয়ে চা বিক্রি করতেন। সাধারণত তিনি নারিন্দা মসজিদের সামনে চা বিক্রি করেন। তাঁর চায়ের খুব চাহিদা। শেষে চায়ের জন্য গাড়ি তৈরি করেন। তাঁর গাড়িটা অন্য সব গাড়ি থেকে একটু আলাদা। চায়ের আগে সেই গাড়ি বেশি মনোযোগ কাড়ে গ্রাহকদের। তাঁর গাড়ি তৈরিরও একটি গল্প আছে: টাকাপয়সা শেষে ফতুর হয়ে গেলে সেন্টু মিয়া কী করবেন ভেবে না পেয়ে ছোট বোনের পরামর্শে ফ্লাস্কে করে চা বিক্রি শুরু করেন। এভাবেই চলছিল তাঁর ব্যবসা। একদিন পুরান ঢাকার ধোলাইখালে চা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে একটি হাসপাতালের ট্রলি পড়ে থাকতে দেখে মালিকের সঙ্গে কথা বলে সেটা কিনে নেন। তারপর নিজেই ভেবেচিন্তে সেই ট্রলিকে আজকের এই চায়ের গাড়িতে রূপ দেন। গাড়িটি বানাতে মোট খরচ হয়েছে ১৭ হাজার টাকা। এই গাড়িতে আটটি ফ্লাস্ক বহন করা যায়। ব্যবস্থা সে রকমই করা। দুপুর পর্যন্ত আট ফ্লাস্ক চা-কফি বিক্রি হয়। সন্ধ্যার পর আবার আট ফ্লাস্ক নিয়ে বের হন তিনি। সেটা চলে মধ্যরাত পর্যন্ত। প্রতিদিন গড়ে চা বিক্রি হয় তিন হাজার টাকার মতো। লাভ হয় ৬০০-৭০০ টাকা। রং-চা, দুধ চা, লেবু বা আদার চা, কফিসহ সিগারেট-কলাও বিক্রি করে থাকেন তিনি। ব্যবসায় লাভ ভালোই, শুধু মনটা ভালো না সেন্টুর, ‘কেন বউ এমন করল?’