সেন্ট্রাল উইমেন্স কলেজে সংগীতের মূর্ছনা
রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলার পঞ্চম দিনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার। প্রতিযোগীরা নানা সুরের মাধুরীতে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন। গতকাল সংগীতের পাশাপাশি ছিল ‘উপস্থাপনা’ বিষয়ের প্রতিযোগিতা। এতে রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে আধুনিক গানে প্রায় ৫০ জন, পল্লীগীতিতে ৪০, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানে ২৫ ও ২০ জন শিক্ষার্থী উপস্থাপনায় অংশ নেন।শিক্ষার মান উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক মিলনমেলা। মেলায় সহযোগিতা করছে প্রথম আলো ও সময় টেলিভিশন।কাল বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুলে অনুষ্ঠিত হবে ষষ্ঠ দিনের প্রতিযোগিতা। ২৬ জানুয়ারি নটর ডেম কলেজে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।