সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার সীমান্তপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন: সীমান্তপাড়া গ্রামের তাহের উদ্দিন (৪৫), তাঁর দুই ভাগনে শাহীন মিয়া (২২) ও মো. ঝিনুক মিয়া (১৭)। শাহীন ও ঝিনুকের বাবার নাম মো. চান মিয়া। তাঁরা মুরগির ব্যবসা করতেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, সীমান্তপাড়া গ্রামের তাহের উদ্দিনের রান্নাঘরের মেঝের নিচে কিছুদিন আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। গতকাল সকাল নয়টার দিকে তাহের ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে নামেন। এ সময় তাহের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বাঁচাতে শাহীন ও ঝিনুক ট্যাংকে নামলে তাঁরাও অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার-তৎপরতা চালান। তাঁরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।