সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে নিহত ৩
খুলনা নগরের গিলাতলা এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্য এক শ্রমিককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গিলাতলার শেখপাড়া এলাকার আল আমিন শেখের বাড়িতে গতকাল সন্ধ্যার দিকে মিস্ত্রিরা নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরের কাঠ-বাঁশ খুলতে যান। প্রথমে সাইফুল ইসলাম (৩৮) ট্যাংকের ভেতর নামেন। তাঁর সাড়াশব্দ না পেয়ে শহিদুল ইসলাম (৩৫) ও সরোয়ার হোসেন (৩৪) সেখানে নামেন। পরে তিনজনের কেউই কোনো সাড়া না দিলে আরেক শ্রমিক আশরাফ আলী ভেতরে যান। বাইরে থেকে ডাকাডাকিতে চারজনের কারও কোনো সাড়া না পেয়ে এলাকার লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সেপটিক ট্যাংক থেকে সাইফুল, শহিদুল ও সরোয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আরেক শ্রমিক আশরাফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশনের শাখা কর্মকর্তা সঞ্জয় কুমার প্রথম আলো ডটকমকে বলেন, সেপটিক ট্যাংকের মুখ কিছুদিন ধরে বন্ধ থাকায় ভেতরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। ওই বিষাক্ত গ্যাসে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।