সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে পাঁচজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আজ শনিবার সকালে নির্মাণাধীন একটি ভবনের পয়োনিষ্কাশনের নালার সঙ্গে সংযুক্ত সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান তাঁদের মৃত্যুর কারণ নিশ্চিত করেছেন।ওই মৃত পাঁচজন হলেন রুবেল মিয়া (২০), আয়নাল (২৫), শফিক (১৮), সাজ্জাদ (১৩) ও গ্রাম পুলিশ আবদুস সামাদ (৩২)।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে ইসাইল গ্রামের বাবুল মিয়ার মালিকানাধীন একটি ভবন নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ছাদ ঢালাইয়ের জন্য বাস ও তক্তা খোলার জন্য সাজ্জাদ ওই সেপটিক ট্যাংকের ভেতরে ঢোকেন। তাঁকে নড়াচড়া করতে না দেখে ট্যাংকে নামেন রুবেল। কিছুক্ষণ পর তাঁদের দুজনকে ট্যাংকের ভেতর নিথর পড়ে থাকতে দেখেন ভবনটির পাশের মুদির দোকানের এক ব্যবসায়ী। খবর পেয়ে গ্রাম পুলিশ আবদুস সামাদ ওই ট্যাংকে নামেন। কিছুক্ষণের মধ্যে তাঁর শরীরও নিথর হয়ে পড়ে। পরে তাঁদের উদ্ধার করতে আয়নাল ও শফিক নামে দুই যুবক ট্যাংকে নামলে সেখানে মারা যান তাঁরা।বেলা ১১টায় টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের দেয়াল ও ছাদ ভেঙে ওই পাঁচজনকে উদ্ধার করেন।টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের কর্মী সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, অক্সিজেন না নিয়ে আসায় ট্যাংকের দেয়াল ভেঙে উদ্ধার তত্পরতা চালাতে হয়েছে।উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সেপটিক ট্যাংকের ভেতর বিষাক্ত গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আলম প্রথম আলো ডটকমকে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।