সেপ্টেম্বরে ইসির সংলাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ্টেম্বরে নিবন্ধিত রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার জাবেদ আলী আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। জাবেদ আলী বলেন, সংলাপে যে ধরনের সুপারিশ পাওয়া যাবে, কমিশন সে অনুযায়ী কাজ করবে। সুপারিশ পাওয়া গেলে প্রয়োজনে নির্বাচনী আইন-কানুন সংশোধন করা হবে। আগের কমিশন কিছু প্রস্তাব দিয়ে গেছে। সবাই চাইলে সেটাও গ্রহণ করা হবে। তবে সংলাপের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জাবেদ আলী জানান। জাতীয় সংসদের নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত খসড়া রূপরেখা আগামী সপ্তাহে চূড়ান্ত করা হবে বলে জাবেদ আলী জানান। তিনি বলেন, খসড়া রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোসহ অন্যদের সঙ্গেও পরামর্শ করা হবে। কমিশন চায় এমন একটি পদ্ধতি গ্রহণ করতে, যাতে বারবার আসনের সীমানা বিন্যাসের প্রয়োজন হবে না।