সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ২০ বছরের বেশি সময় পর তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সফরকালে মার্কিন কংগ্রেস ও একটি গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা নেবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, সু চির যুক্তরাষ্ট্র সফরের দিনক্ষণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পেট্রিক ভেনট্রেল সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে সু চিকে স্বাগত জানাতে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের জন্য আমরা যথাযথ একটি সময় নির্ধারণের চেষ্টা করছি।’সম্প্রতি ১৭ দিনের ইউরোপ সফর শেষ করে মিয়ানমারে ফিরেছেন সু চি। সফরকালে তিনি নরওয়ের অসলোতে ২১ বছর আগে শান্তিতে পাওয়া নোবেল পুরস্কার গ্রহণ করেন। তাঁর এই সফরকে মিয়ানমারের রাজনৈতিক উত্তরণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। দ্য আটলান্টিক কাউন্সিল নামের একটি গবেষণাপ্রতিষ্ঠান জানিয়েছে, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে এক নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন সু চি। ওই অনুষ্ঠানে তাঁকে ‘গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড’ দেওয়া হবে। একই সঙ্গে শীর্ষস্থানীয় সাবেক মার্কিন কূটনীতিক ও নোবেলবিজয়ী হেনরি কিসিঞ্জার, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সাবেক হাইকমিশনার সাদাকো ওগাতা এবং সংগীতশিল্পী ও মানবাধিকারকর্মী কিন্সি জোন্সকেও এই বার্ষিক সম্মাননা দেওয়া হবে।এদিকে একটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে বলা হয়েছে, এই সফরেই সু চির হাতে মার্কিন কংগ্রেসের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’ তুলে দেওয়া হবে। ২০০৮ সালে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।এ ছাড়া যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য সু চিকে আমন্ত্রণ জানানো হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দুই দশকের বেশি সময় গৃহবন্দী থাকার পর ২০১০ সালে মুক্তি পান মিয়ানমারের এই গণতন্ত্রপন্থী নেত্রী। চলতি বছরের উপনির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হয় তাঁর দল।